নদীমাতৃক বাংলাদেশে নদ-নদী খনন ও পলি অপসারণে সংশ্লিষ্টদের দক্ষতা অর্জনের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো চালু হলো ড্রেজিং ট্রেনিং ইনস্টিটিউট।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে মুন্সীগন্জের শিমুলিয়ায় প্রতিষ্ঠিত হয় এই ইনস্টিটিউট।
বৃহস্পতিবার ( ১৯ জুন) দুপুরে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বিআইডব্লিউটিএ ড্রেজিং ট্রেনিং ইনস্টিটিউট শুভ উদ্বোধন করে।
উদ্বোধনকালে উপদেষ্টা সাখাওয়াত বলেন, বাংলাদেশে ইতোপূর্বে ড্রেজিং বিষয়ক কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান ছিলো না। কিন্তু এটা দরকার ছিলো। বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সারা দেশেই বছরের বিভিন্ন সময়ে ড্রেজিং কার্যক্রম পরিচালনা করে থাকে। কিন্তু আমাদের ড্রেজিং বিষয়ে দক্ষ জনবলের অভাব রয়েছে। এজন্য বিআইডব্লিউটিএ কর্তৃক ড্রেজিং ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে।
‘নিঃসন্দেহে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ‘ মন্তব্য করে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, এখান থেকে ড্রেজিং বিষয়ক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের জন্য দেশে বিদেশের বিভিন্ন খ্যাতনামা ড্রেজিং কোম্পানিগুলোতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়াও দক্ষ জনবল তৈরির মাধ্যমে এই প্রতিষ্ঠান দেশের ড্রেজিং কার্যক্রমকে আরো কার্যকর ও গতিশীল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা।
উল্লেখ্য, ইনস্টিটিউটটিতে বিভিন্ন মেয়াদে ২৮টি কোর্সের কার্যক্রম চালু হয়েছে। এখানে ড্রেজার নির্মাণ সংক্রান্ত প্রশিক্ষণও দেয়া হবে।
ড্রেজিং ট্রেনিং ইনস্টিটিউট ছাড়াও মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে একটি এমার্জেন্সি ফেরিঘাট স্থাপন ও বিদ্যমান শিমুলিয়া নদীবন্দর বহাল রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন উপদেষ্টা ড. সাখাওয়াত। ইকো ট্যুরিজমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে একটি ইকোপার্ক নির্মাণ করা যায় বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
এ সময়ে অবৈধ ড্রেজিং বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসনকে আরো সতর্কভাবে মনিটরিং করার নির্দেশনা প্রদান করেন নৌপরিবহন উপদেষ্টা। নদীর পাড়ের অবৈধ দখলসহ বিভিন্ন স্থাপনা অপসারণে পদক্ষেপ নিতে বিআইডব্লিউটিএ কে নির্দেশনা প্রদান করেন তিনি।
অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, মুন্সিগঞ্জের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসকসহ (সার্বিক) নৌ পরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।