পরিবেশগত কারণ দেখিয়ে চার বছর আগেই জাপান অর্থায়ন ও ঋণ না দেওয়ার সিদ্ধান্ত জানানোর পর কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় পর্ব সম্পূর্ণ দেশীয় অর্থায়নে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, বিদ্যমান বিদ্যুৎকেন্দ্রের পাশেই তৃতীয় ও চতুর্থ ইউনিট নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৯ হাজার ৮৩৯ কোটি টাকা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মাতারবাড়ী জ্বালানি হাব জাপানের পরামর্শে নকশা করা হলেও পরিবেশগত কারণ দেখিয়ে তারা দ্বিতীয় পর্বের একটি বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন থেকে সরে দাঁড়ায়। এই প্রেক্ষাপটে সরকার নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে ইতিমধ্যে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ১৯ হাজার ৮৩৯ কোটি টাকা ব্যয়ের মধ্যে ১৭ হাজার ৫১১ কোটি টাকা জোগান দেওয়া হবে সরকারি কোষাগার থেকে এবং বাকি ২ হাজার ৩২৮ কোটি টাকা দেবে বাস্তবায়নকারী সংস্থা কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)-এর নিজস্ব তহবিল থেকে। এই প্রস্তাবে কোনো বিদেশি ঋণ বা অর্থায়ন রাখা হয়নি। ডিপিপিতে প্রতি মার্কিন ডলারের বিনিময় হার ১২২ টাকা ৯৮ পয়সা ধরে মোট ব্যয় প্রায় ১৬১ কোটি মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির মেয়াদ ২০৩০ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রস্তাব করা হয়েছে এবং অনুমোদন পাওয়ার পরপরই সিপিজিসিবিএল নির্মাণকাজ শুরু করবে।
নতুন এই বিদ্যুৎকেন্দ্রে ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট থাকবে, যার সম্মিলিত উৎপাদন ক্ষমতা হবে ১ হাজার ২০০ মেগাওয়াট। প্রকল্পের কাজ এগিয়ে নিতে ইতিমধ্যে প্রকৌশল পরামর্শক নিয়োগের জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে সিপিজিসিবিএল।
উল্লেখ্য, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২২ সালের ২২ জুন এক ঘোষণায় জানিয়েছিল, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নিয়ে আন্তর্জাতিক আলোচনার গতিপ্রকৃতি বিবেচনায় এবং বাংলাদেশের সঙ্গে পরামর্শ করে মাতারবাড়ীর দ্বিতীয় পর্বে সরকারি উন্নয়ন সহায়তার (ওডিএ) আওতায় ঋণ দেওয়ার প্রক্রিয়া আর এগিয়ে নেওয়া হবে না। এ প্রসঙ্গে বিদ্যুৎ বিভাগের ওই কর্মকর্তা জানান, প্রস্তাবিত কেন্দ্রটি গ্যাস বা এলএনজি দিয়ে পরিচালনার সুযোগ নেই বললেই চলে; যে কারণে এটি কয়লাভিত্তিক জ্বালানিতেই নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে মাতারবাড়ীর প্রথম পর্বের প্রকল্পটি অনুমোদন পেয়েছিল ২০১৪ সালের আগস্টে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণসহায়তায় সেখানে ৬০০ মেগাওয়াট করে দুটি ইউনিট স্থাপনের পাশাপাশি কয়লা খালাসের জেটি, নৌ চ্যানেল ও আবাসন সুবিধা গড়ে তোলা হয়। সিপিজিসিবিএলের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুসারে, প্রথম ইউনিটে কয়লা দিয়ে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয় ২০২৩ সালের আগস্টে। সংশোধিত ডিপিপি অনুযায়ী, প্রথম পর্বের ১ হাজার ২০০ মেগাওয়াট প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৫৬ হাজার ৬৯৩ কোটি ৯০ লাখ টাকা, যার মধ্যে জাইকার ঋণ রয়েছে ৪৭ হাজার ৯৪৫ কোটি ৩ লাখ টাকা।
এদিকে, প্রথম ধাপের জাইকা ঋণের একটি কিস্তির অর্থ ব্যবহার ও পরিশোধের দায়দায়িত্ব নির্ধারণে সরকার ও সিপিজিসিবিএলের মধ্যে সাবসিডিয়ারি লোন অ্যাগ্রিমেন্ট (এসএলএ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সালে স্বাক্ষরিত ঋণচুক্তির বিপরীতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত সপ্তাহে অর্থ বিভাগকে চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
সূত্র: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও সিপিজিসিবিএল।