হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের লাঘালিয়া গ্রাম। এ গ্রামে ধানচাষী নির্মল চন্দ্রের বেগুনি রংয়ের এক চিলতে ধানক্ষেত । চোখ জুড়ানো বিরল এ ধানক্ষেত দেখতে ভিড় করছে উৎসুক এলাকাবাসী । নতুন ধানের আবাদে খুশী চাষী নির্মল । এ ধানের নাম পার্পল লীফ রাইস ।
গাজীপুরে এবারই এ ধান প্রথম চাষ হচ্ছে বলে জানালেন গাজীপুর সদর উপজেলা অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা সানিয়া সুলতানা ।
তিনি আরো জানালেন, সৌন্দর্য ও পুষ্টিগুণে ভরপুর এ ধান । উফশি জাতের এ ধান রোগমুক্ত ও পোকামুক্ত । ফলনও বেশী হয়। অন্যসব ধানের তুলনায় এ ধান মোটা।
উপ সহকারী কৃষি কর্মকর্তা সানিয়া সুলতানা কুমিল্লা থেকে এ ধানের ১০০ গ্রাম বীজ সংগ্রহ করেন । চাষাবাদের জন্যে দেন চাষী নির্মলকে । বীজ থেকে চারা তৈরী করে চাষী নির্মল চন্দ্র তার বাড়ির পাশে এক চিলতে জমিতে চাষ করেন এ ধান । ধানের বেগুনি পাতার শোভায় শোভিত দৃশ্য দেখতে উৎসুক লোক ওই ক্ষেতের পাশে ভীড় করছে প্রতিদিন ।
গাজীপুর সদরের কৃষি কর্মকর্তা সাবিনা সুলতানা বলেন, পার্পল লীফ রাইস দেশে প্রথম গাইবান্ধা জেলায় আবাদ হয় । ফলন প্রতি হেক্টরে ৭ মণ । গাজীপুরে এ ধান চাষ বাড়াতে প্রচারণা করতে হবে বলে কৃষি কর্মকর্তা সাবিনা সুলতানা জানান ।
এ ধানের চাষাবাদের বিস্তৃতি বাড়াতে কৃষকদেরকে উৎসাহ দেয়া হচ্ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মাহবুব আলম ।