পর্যটন শিল্পকে আরও গতিশীল করতে একক ভিসা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। চলতি বছরের শেষ প্রান্তিকে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে এই ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’, যার মাধ্যমে সদস্যভুক্ত ছয় দেশেই ভ্রমণ করা যাবে।
সংযুক্ত আরব আমিরাতের অর্থ ও পর্যটনমন্ত্রী এবং আমিরাত পর্যটন কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ বিন তৌক আল মারি সম্প্রতি জানান, ইউরোপের শেনজেন ভিসার অনুকরণে এই একক ভিসা চালু করা হচ্ছে। তার মতে, এটি আঞ্চলিক পর্যটন সহযোগিতা জোরদার করার পাশাপাশি উপসাগরীয় অঞ্চলকে একটি অভিন্ন পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করবে।
স্থানীয় সংবাদ সংস্থা ওয়ামকে দেওয়া সাক্ষাৎকারে আল মারি বলেন, প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে চালুর পর ধীরে ধীরে এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে। তবে সুনির্দিষ্ট সময়সীমা এখনো জানানো হয়নি।
এর আগে ১৬ জুন খালিজ টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আল মারি জানিয়েছিলেন, জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসার আনুষ্ঠানিক অনুমোদন ইতিমধ্যেই পাওয়া গেছে এবং শিগগিরই তা কার্যকর করা হবে।
এই ভিসা চালু হলে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন ও কুয়েতে ভ্রমণ করা যাবে একবারের আবেদনেই। তবে কত দিনের জন্য এই ভিসা দেওয়া হবে কিংবা এর খরচ কত হবে—তা এখনো প্রকাশ করা হয়নি।
সূত্র: খালিজ টাইমস, গালফ নিউজ, আরব টাইমস কুয়েত, গালফ বিজনেস।