সোমবার থেকে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে বিমানের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে প্রথম ফ্লাইট ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এ বিমানে থাকবেন ইসরায়েলের শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই ও শীর্ষ উপদেষ্টা জ্যারেড কুশনার।
ইসরায়েলকে বয়কট করার আইন বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত। এই আইনের মাধ্যমে এতদিন তেল আবিবের সঙ্গে সব ধরনের ব্যবসা বাণিজ্য ও লেনদেন বন্ধ ছিল। গত ১৩ আগস্ট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সইয়ের পর এই পদক্ষেপ নিল আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তা সংস্থা ওয়াম এ তথ্য জানিয়েছে।
ওয়াম জানিয়েছে, ১৯৭২ সালে প্রণীত ইসরায়েলকে বয়কট করা বিষয়ক ১৫ নম্বর কেন্দ্রীয় আইন বাতিল করার জন্য পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান একটি ফরমান জারি করেছেন।
এই ফরমানের কার্যপরিধি উল্লেখ করে বার্তা সংস্থা ওয়াম জানিয়েছে, এখন থেকে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকরা ইসরায়েলে বসবাসরত লোকজনের সঙ্গে ব্যবসা-বাণিজ্য এবং লেনদেন করতে পারবেন। এজন্য তারা প্রয়োজনে চুক্তিও করতে পারেন। এই ফরমানের কারণে এখন থেকে ইসরায়েলের যেকোনো ধরনের পণ্য বা মালামাল সংযুক্ত আরব আমিরাতে রাখা ও বিক্রি করা যাবে।