ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। অভ্যুত্থান ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার দেওয়া এ রায়ে পাঁচ বিচারপতির মধ্যে চারজন তার দোষ প্রমাণিত বলে রায় দেন। তবে একজন বিচারপতি খালাসের মত দেন।
বিবিসির খবরে বলা হয়েছে, ২০২২ সালের নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয় এড়াতে ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছিলেন বলসোনারো। তার বিরুদ্ধে আনা পাঁচটি গুরুতর অভিযোগ-সশস্ত্র অপরাধমূলক ষড়যন্ত্র, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ধ্বংসের চেষ্টা, অভ্যুত্থানের পরিকল্পনা, সরকারি সম্পত্তি ধ্বংস এবং জাতীয় ঐতিহ্যবাহী স্থাপনায় ভাঙচুর-সবকটিতেই তিনি দোষী সাব্যস্ত হন।
২০২৩ সালের ১ জানুয়ারি শান্তিপূর্ণভাবে লুলা দা সিলভা প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেও এক সপ্তাহ পর, ৮ জানুয়ারি হাজারো বলসোনারো সমর্থক রাজধানী ব্রাসিলিয়ায় সহিংসতা চালায়। তারা কংগ্রেস, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও ভাঙচুর করে। নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে প্রায় দেড় হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়।
২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা সাবেক সেনা কর্মকর্তা বলসোনারো বর্তমানে গৃহবন্দী। তিনি অভিযোগগুলো অস্বীকার করে দাবি করছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
সূত্র: বিবিসি।