ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতার মাত্রা ভয়াবহ রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, এ পর্যন্ত দেশটিতে ৫০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
এইচআরএএনএর তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে অন্তত ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। একই সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ১০ হাজার ৬০০-এরও বেশি মানুষ। ইরানের ভেতরে ও প্রবাসে থাকা কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করেই এই হিসাব তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
২০২২ সালের পর এটিই ইরানে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন বলে মনে করছেন বিশ্লেষকেরা। ব্যাপক এই বিক্ষোভে দেশটির শাসকগোষ্ঠী নতুন করে বড় ধরনের চাপের মুখে পড়েছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের দমনে অতিরিক্ত বলপ্রয়োগ করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপের পথ বিবেচনা করতে পারে।
তবে ইরান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি। একই সঙ্গে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা স্বাধীনভাবে এইচআরএএনএর দেওয়া তথ্য যাচাই করতে পারেনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ইরানে আন্দোলন শুরু হলেও খুব দ্রুত তা সরকারের বিরুদ্ধে বিস্তৃত বিক্ষোভে পরিণত হয়। সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই আন্দোলনে উসকানি দিচ্ছে।
এদিকে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত। গত বৃহস্পতিবার থেকে ইরানে প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দেশটির ভেতরের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে।
সূত্র: রয়টার্স।