বাংলাদেশী প্রবাসী খ্রিষ্টান এসোসিয়েশন, তুলুজ- ফ্রান্স ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে গত ১৬ ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছিলো শীতকালীন আনন্দ ভ্রমন-২০২০।
প্রবাস জীবনে দারুণ কর্মব্যস্ততার মাঝে এই আয়োজন নতুন করে সবার মাঝে উৎসাহ যুগিয়েছে। রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় পরিবার-পরিজন নিয়ে উৎসাহী প্রবাসীরা স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় নির্দিষ্ট স্থানে হাজির হয়। সকাল ৯টায় ইউরোপের অন্যতম ছোট দেশ এবং ভ্রমণপিপাসুদের স্বর্গরাজ্য খ্যাত ANDORRA-এর উদ্দেশ্যে বাস যাত্রা শুরু করে।
প্রণতি ক্রুশ-এর প্রার্থনার পর সংগঠনের সভাপতি জোসেফ ডি কস্তা সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন। পথে যাত্রা বিরতিতে সকালের বিশেষ নাস্তা, হাতে বানানো পরোটা এবং আলু ভাজি, সাথে গরম গরম চা ও কলা পরিবেশন করা হয়। নাস্তা বানানোর বিশেষ দায়িত্বে ছিলেন তুলুজ শহরে খ্রিস্টান সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী পঙ্কজ গমেজ (প্রচার সম্পাদক), রক্সি কস্তা (যুব ও ক্রীড়া সম্পাদক) কলিন্স গমেজ, অনুপ রোজারিও (সহ- সাধারণ সম্পাদক)নিখিল রোজারিও সহ অন্যরা। নাস্তা শেষে পাহাড়ের বুক চিরে আবার ছুটে চলা। চলন্ত বাসে কবিতা, গান, গল্প ইত্যাদি খুনসুটিতে কখন যে সময় পেরিয়ে গেল বুঝায় যানি। দুপুর একটায় ফ্রান্সের সীমানা ছেড়ে বাস ANDORRA-তে পৌঁছালাম আমরা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ফুট উপরে ANDORRA।

চারিদিকে অসংখ্য পাহাড়, বরফের সাদা চাদরে ঢাকা। বাস থেকে নেমে সবাই দুপুরে নাস্তা খেয়ে যে যার মতো বিনোদন খুঁজতে বের হলো। বাচ্চারা বরফের মাঝে খেলাধুলার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ, সকলের ফটো সেশন এবং ট্যাক্স ফ্রিতে বিভিন্ন পণ্য কেনাকাটা করে পরিতৃপ্তির ঢেঁকুর ফেলতে ফেলতে বিকাল সাড়ে ৫টায় আবার সবাই বাসে হাজির হয়। সন্ধ্যা ছয়টায়, সমস্ত বাস্তবতাকে পিছনে ফেলে, আনন্দময় স্মৃতি সাথী করে সবাই নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। যাত্রা বিরতিতে উৎসাহী যুবক রিকি পি রোজারিও-এর বিশেষ নেতৃত্বে লটারি ড্র অনুষ্ঠিত হয় এবং মহিলাদের তৈরি বিশেষ নাস্তা পরিবেশন করা হয়। আনন্দ ভ্রমণের অন্যতম আকর্ষণ ছিল সহ-সাধারণ সম্পাদক অনুপ রোজারিওর পরিবারের পক্ষ থেকে সকল বাচ্চাদের জন্য স্পেশাল উপহার।
ফিরতি পথে আজকের দিনের অভিজ্ঞতা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রণতি ক্রুশ, সাংস্কৃতিক সম্পাদক- ইভা গ্লোরিয়া রোজারিও, অন্যতম সাধারণ সদস্য লিওনার্ড এল রোজারিও, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি প্রশান্ত ক্রুশ(যাকোব) প্রচার সম্পাদক পঙ্কজ গোমেজ,রিকি পি রোজারি, গৌরব অনি সহ অন্যান্যরা। বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন সংগঠনের এবারের প্রোগ্রাম ছিল অন্যতম সেরা প্রোগ্রাম। যেখানে ছিল সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ঐক্যবদ্ধতা।বক্তারা আরো উল্লেখ করেন বাংলাদেশের প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন সংগঠনের জন্ম হয়েছিল বলেই আমরা আজ একতাবদ্ধ হতে পেরেছি। আমারা বাঙালি কালচারকে আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে আনন্দ খুঁজে ফিরছি। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক অনুপ রোজারিওর প্রাণবন্ত উপস্থাপনার শেষ পর্যায়ে সংগঠনের সাধারণ সম্পাদক মার্ক রায় তার বক্তব্যে বিশেষ ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সংগঠনের যুব সম্প্রদায়কে, যারা আজকে এই বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি সংগঠনের কার্যক্রমকে আরো শক্তিশালী করার জন্য আগামীতে এমনিভাবে সকলের সাহায্য সহযোগিতা কামনা করে। সভাপতি যোসেফ ডি কস্তা তার বক্তব্যে উল্লেখ করেন আমাদের এই সংগঠনটি বর্তমান ইউরোপে অতিপরিচিত একটি সংগঠন। দীর্ঘদিন আমরা বিভিন্ন সামাজিকতা ও সাংগঠনিক কার্যকম করছি এই সংগঠনের ব্যানারে। এই কার্যক্রম যেন আরো ব্যাপক এবং প্রসারিত হয়, তার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।পরিশেষে আজকের সুন্দর আসনের জন্য তিনি যুবসমাজ তথ্য সকলের সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।