মোঃ রাসেল আহম্মেদঃ লিসবন পর্তুগাল
বাংলাদেশ দূতাবাস লিসবনের উদ্যোগে শোকাবহ শহীদ বুদ্ধিজীবি দিবস – ২০১৮ পালন করা হয়েছে।
প্রথমে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন দূতাবাসের কনসুলার মো নুর উদ্দিন। এরপর নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলে ১ মিনিট নিরবতা পালন করেন।
প্রধানমন্ত্রীর শোক বার্তা পাঠ করেন দূতাবাসের দ্বিতীয় সচিব হাসান আবদুল্লাহ তৌহিদ। উক্ত শোক সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মান্যবর রাষ্ট্রদূত জনাব রুহুল আলম সিদ্দিক। রাষ্ট্রদূত বলেন ১৯৭১ সালে বিজয়ের পূর্ব মূহুর্তে বাঙালি জাতিকে মেধা শূন্য করতে ও বাংলাদেশ যাতে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, সেই উদ্দেশ্যে পরিকল্পিত জেনোসাইড সংগঠিত করেছে পাক হানাদার বাহিনী।
কিন্তু তারা সফল হয়নি। আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাড়িয়েছে। সঠিক নেতৃত্বের কারণে আজ আমরা মধ্যম আয়ের দেশ হয়েছি। সকল সূচকে পাকিস্তানকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছি। এসময় তিনি দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরেন।
শোক সভা শেষে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতার মাত্র একদিন আগে পাকিস্তানী ঘাতকদের হাতে নিহত, বাঙ্গালী জাতির মেধাবী সন্তানদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।