তরিকুল ইসলাম জেন্টু, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ (শনিবার) উত্তরবঙ্গ সফর করবেন। সড়ক পথে নয়, এবার তিনি রেলে ভ্রমণ করবেন। আজ সকাল ৮ টায় কমলাপুর রেলস্টেশন থেকে নীলসাগর আন্তঃনগর ট্রেনে নীলফামারীর অভিমুখে যাত্রা শুরু করবেন। এই যাত্রা পথে সান্তাহার জংশন ষ্টেশনে প্রধান অতিথী হিসেবে পথসভায় উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন।
সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম জানান, এই রেলযাত্রা কর্মসূচিতে জাহাঙ্গীর কবির নানক, ড. হাছান মাহমুদ, অসীম কুমার উকিল, আহমদ হোসেন, বি. এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, শামসুন নাহার চাঁপা, ডা. রোকেয়া সুলতানা, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন ও প্রফেসর মেরিনা জাহানসহ কেন্দ্রীয় নেতারা সাধারণ সম্পাদকের সফরসঙ্গী হিসেবে থাকবেন।
গত বৃহস্পতিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছেন। বিবৃতিতে উল্লেখ থাকে, ওবায়দুল কাদের তার যাত্রাপথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়ার সান্তাহার, জয়পুরহাট, দিনাজপুর ও নীলফামারী জেলার অন্তর্ভুক্ত রেল স্টেশনগুলোতে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন।
সান্তাহারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পথসভা উপলক্ষে আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজুর নেতৃত্বে সকল প্রস্ততি সম্পূর্ণ করা হয়েছে। পথসভার মঞ্চ তৈরী থেকে শুরু করে সকল প্রস্ততি সম্পূর্ণ, এখন শুধু প্রধান অতিথীর আগমনের অপেক্ষা।