শিশু অধিকার রক্ষা, শিশুশ্রম প্রতিরোধ এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে কাজের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছেন সিলেটের তরুণ শিশু সাংবাদিক জামিউল হাসান আরাফ। নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক শিশু অধিকারবিষয়ক সংগঠন কিডসরাইটস (KidsRights) সম্প্রতি তাদের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত মনোনীতদের তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত করেছে।
‘শিশুদের নোবেল’ হিসেবে পরিচিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিশ্বজুড়ে শিশু ও তরুণদের অধিকার রক্ষায় অবদান এবং নিজ নিজ সমাজে ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। ২০০৫ সাল থেকে প্রতিবছর কিডসরাইটস এ পুরস্কার দিয়ে আসছে।
শৈশব থেকেই সুবিধাবঞ্চিত শিশুদের নানা সংকট ও অধিকারবঞ্চনার বিষয়গুলো কাছ থেকে দেখেছেন জামিউল হাসান আরাফ। শিশুশ্রম, বাল্যবিবাহ এবং অর্থাভাবে প্রাথমিক শিক্ষা থেকে শিশুদের ঝরে পড়ার মতো সমস্যাগুলো তাঁকে শিশু অধিকার নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করে। সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি সাংবাদিকতাকে শিশুদের অধিকার ও সমস্যার কথা তুলে ধরার প্রধান মাধ্যম হিসেবে বেছে নেন।
আরাফ শিশু সাংবাদিক হিসেবে ‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’-এ নিয়মিত প্রতিবেদন ও বিশ্লেষণধর্মী লেখা প্রকাশ করে আসছেন। তাঁর প্রতিবেদনে শিশুদের মৌলিক অধিকার, মানসম্মত শিক্ষা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষার মতো বিষয় গুরুত্ব পেয়েছে। এসব লেখার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের বাস্তবতা তুলে ধরা এবং সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তিনি।
কিডসরাইটসের প্রকাশিত পরিচিতিতে আরাফের কাজের প্রধান ক্ষেত্র হিসেবে শিশুশ্রম নিরসন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার অধিকার নিশ্চিত করার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। প্রতিটি শিশুর জন্য নিরাপদ সমাজ গড়ে তোলা, আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং কুসংস্কার দূর করতে সচেতনতা তৈরিকে তাঁর কাজের অন্যতম লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে।
সাংবাদিকতার পাশাপাশি মাঠপর্যায়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে শিশুদের কল্যাণে কাজ করছেন আরাফ। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনীতদের তালিকায় তাঁর অন্তর্ভুক্তি শিশু অধিকার নিয়ে তাঁর সাংবাদিকতা ও সামাজিক উদ্যোগকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে।
শিশুদের অধিকার সুরক্ষা এবং তাদের জন্য নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে লেখালেখি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন জামিউল হাসান আরাফ।