দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণদের দক্ষতা, জ্ঞান ও নেতৃত্বের সক্ষমতাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, দেশের বিপুল জনগোষ্ঠীর জন্য সুন্দর ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার দায়িত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের উদ্যোগে আয়োজিত ‘গ্র্যাজুয়েশন সেরেমনি-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তরুণদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার।’ তবে এই যুদ্ধ কোনো অস্ত্রের যুদ্ধ নয়; এটি একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম। দেশের মানুষের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করাই তরুণদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।
ড. আবদুল মঈন খান বলেন, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের প্রশিক্ষণ ও নেতৃত্ব বিকাশের কর্মসূচি তরুণদের ভবিষ্যতের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করে তুলছে। এ ধরনের প্রশিক্ষণকে তিনি কেবল ব্যক্তিগত দক্ষতা অর্জনের বিষয় হিসেবে দেখেননি; বরং দেশের বৃহত্তর কল্যাণে দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবেও উল্লেখ করেন।
বাংলাদেশের ইতিহাসে তরুণদের অবদানের কথা তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের ইতিহাস তরুণদের আত্মত্যাগ ও গুরুত্বপূর্ণ ভূমিকার মাধ্যমে সমৃদ্ধ হয়েছে। ভাষা আন্দোলন, স্বাধীনতা অর্জন থেকে শুরু করে গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায়ে তরুণরা সামনে থেকে ভূমিকা পালন করেছেন। ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রেও একইভাবে তরুণদের নেতৃত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, যারা এদিন প্রশিক্ষণ শেষ করে গ্র্যাজুয়েশন অর্জন করছেন, তাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। সামনে তাদের জন্য যেমন ব্যক্তিগত সাফল্যের সুযোগ রয়েছে, তেমনি রয়েছে দেশ ও মানুষের জন্য কাজ করার বড় দায়িত্ব। নিজেদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতাকে মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
গ্র্যাজুয়েটদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, তাদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে। দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য তরুণদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী-শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সূত্র: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।