বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা দুই ধাপে মোট ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের এই ঘোষণার পর আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষকরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি সাংবাদিকদের জানান, সরকারের ইতিবাচক সিদ্ধান্তে তারা আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছেন এবং বুধবার থেকে নিয়মিত শ্রেণিকক্ষে ফিরবেন।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা দুই ধাপে কার্যকর করা হবে।
প্রথম ধাপে আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) এবং দ্বিতীয় ধাপে ১ জুলাই ২০২৬ থেকে আরও ৭.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে মোট ১৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) ভাতা কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে এটিকে শিক্ষা বিভাগের জন্য “ঐতিহাসিক মুহূর্ত” হিসেবে অভিহিত করা হয়েছে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শরিফুন্নেসা স্বাক্ষরিত সম্মতিপত্রে উল্লেখ করা হয়, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।