জার্মান-বাংলা ডেস্ক:বিশ্বের সর্ববৃহৎ রেনফরেস্ট পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন বনের ভয়াবহ অগ্নিকান্ড দ্রুত নিভিয়ে পরিবেশ বিপর্যয় থেকে রক্ষার দাবিতে বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ২৪ আগস্ট ২০১৯ সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে এবং মাসুক হেলাল অনিকেন সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের শ্যামল বর্মন, ডা. মনীষা চক্রবর্ত্তী, শোভন রহমান, রাশিব রহমান, রাজিবুর রহমান, লামিয়া মিম।
মানববন্ধন ও সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ৯টি দেশ জুড়ে ৭০ লক্ষ বর্গকিলোমিটারের বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট আমাজান বনের অস্বিত্ত্ব আজ হুমকির মুখে। এই বন ক্ষতিগ্রস্ত হলে বিশ্বের জলবায়ুর উপর পড়বে বিরূপ প্রভাব, বাড়বে বৈষয়িক উষ্ণতা। কারণ ১৬০০০ প্রজাতির কয়েক হাজার কোটি বৃক্ষের এই বন থেকে পৃথিবীর মোট অক্সিজেনের ২০ শতাংশ আসে। এই অরণ্যের ফলে বিশ্ব উষ্ণায়ণ কিছুটা ধীর গতিতে চলছে। প্রতিবছরেই আগুন লাগার ঘটনা ঘটলেও এ বছরেই আমাজন বনাঞ্চলে ৭২ হাজারের বেশি বার আগুন লাগার ঘটনা ঘটে। রাজনৈতিক সুবিধা এবং পুঁজিপতিদের মুনাফার স্বার্থে এই অগ্নিকান্ড ঘটানো হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নেতৃবৃন্দ, অবিলম্বে আমাজনের ভয়াবহ অগ্নিকান্ড বন্ধে পার্শ্ববর্তী দেশগুলোর কার্যকরী ভূমিকা এবং অন্যান্য দেশগুলোর সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
নেতৃবৃন্দ, প্রাণ-প্রকৃতি-পরিবেশ রক্ষায় বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনের পাশে বাংলাদেশের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে সুন্দরবন রক্ষায় দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানান।