শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড

বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
বাল্যবিবাহ প্রতিরোধে আইনি সংস্কার ও সুরক্ষা জোরদার করার লক্ষ্যে ছয়টি যৌথ সুপারিশ তুলে ধরেছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ইউনিসেফ। ছবি: সংগৃহীত

বাল্যবিবাহ প্রতিরোধে নারী ও পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ এবং বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা বাতিলসহ আইন সংস্কারে ছয়টি সুপারিশ করেছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ইউনিসেফ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থার জ্যেষ্ঠ সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সংস্থা দুটি এসব সুপারিশ তুলে ধরে।

আগামী ২৭ নভেম্বর আন্তর্জাতিক বাল্য, অল্প বয়সে ও জোরপূর্বক বিয়ে বন্ধ দিবস সামনে রেখে আইন সংস্কারের হালনাগাদ তথ্য, প্রস্তাবিত পরিবর্তন এবং বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে ইউএনএফপিএ এ আলোচনার আয়োজন করে। সভায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এবং ২০১৮ সালের বিধিমালার বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রস্তাবিত সংস্কার বাস্তবায়িত হলে বাংলাদেশের মেয়েদের আইনি সুরক্ষায় কী ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে, সে বিষয়ে আলোকপাত করা হয়।

আলোচনায় ইউএনএফপিএ ও ইউনিসেফের যৌথ আইনি পর্যালোচনার তথ্য উপস্থাপন করে জানানো হয়, বিদ্যমান আইন ও বিধিমালার কিছু দুর্বলতা মেয়েদের আইনি সুরক্ষা নিশ্চিতের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। শিশু বয়সে বিয়ে হয়ে যাওয়া মেয়েদের এই আইনের আওতায় সরাসরি বিয়ে বাতিল করার কোনো সুযোগ নেই; বরং তাদের ব্যক্তিগত আইনগুলোর ওপর নির্ভর করতে হয়, যেখানে অনেক ক্ষেত্রে আইনি প্রতিকার সীমিত কিংবা একেবারেই অনুপস্থিত। এ ছাড়া জন্ম ও বিয়ে নিবন্ধন ব্যবস্থার দুর্বলতা, জাল জন্মসনদ, হলফনামার মাধ্যমে বিয়ে, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির নিষ্ক্রিয়তা এবং স্বল্পসংখ্যক মামলা দায়েরের মতো বাস্তবায়নজনিত সমস্যাগুলোও পর্যালোচনায় উঠে এসেছে।

সংস্থা দুটির যৌথ সুপারিশে বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা বাতিল করার পাশাপাশি নারী ও পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এর সঙ্গে বাল্যবিবাহকে সংশ্লিষ্ট শিশুর ইচ্ছায় বাতিলযোগ্য করার বিধান যুক্ত করা, বাল্যবিবাহের ঘটনায় শিশুদের অপরাধের দায় থেকে অব্যাহতি দেওয়া, অভিযোগ দায়েরের সময়সীমা বাড়িয়ে ছয় বছর করা এবং বাল্যবিবাহসংক্রান্ত মামলা পরিচালনায় আদালত, বিশেষ করে ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ার সুস্পষ্ট করার সুপারিশ করা হয়েছে।

বাংলাদেশে বাল্যবিবাহ কমার হার নিয়ে পরিসংখ্যান তুলে ধরে সভায় জানানো হয়, দেশ এ ক্ষেত্রে অগ্রগতি অর্জন করলেও কমার গতি এখনো ধীর। বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫-এর তথ্যমতে, ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে ৪৭ দশমিক ২ শতাংশের ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই প্রথম বিয়ে হয়েছে, যা ২০১৯ সালে ছিল ৫১ দশমিক ৪ শতাংশ। তবে উদ্বেগজনকভাবে একই সময়ে বর্তমানে বিবাহিত ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীর হার ৩২ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ৩৮ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে।

বাংলাদেশে ইউএনএফপিএর প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, ‘বাংলাদেশে বাল্যবিবাহবিরোধী আইন রয়েছে। কিন্তু কোনো আইন তখনই মেয়েদের সুরক্ষা দিতে পারে, যখন তারা সে আইন সম্পর্কে জানবে এবং বিচারব্যবস্থা তাদের জন্য সহজলভ্য হবে ও পুরোপুরি জবাবদিহির আওতায় থাকবে।’ তিনি আরও বলেন, ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এবং বাল্যবধূদের বাস্তব জীবনের পরিস্থিতি নিয়ে নির্ভুল সংবাদ পরিবেশন নীতিনির্ধারকদের আইন সংস্কারের গুরুত্ব বুঝতে সহায়তা করবে। পাশাপাশি, মেয়েদের শিক্ষা সম্পন্ন করতে এবং বাল্যবধূ ও মা হয়ে যাওয়ার পরিবর্তে নিজেদের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াবে।’

আইন সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নিতে ইউএনএফপিএ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। একই সঙ্গে মেয়েদের বিদ্যালয়ে পড়াশোনা অব্যাহত রাখা, কিশোর-কিশোরীদের যৌন ও প্রজননস্বাস্থ্যবিষয়ক তথ্য ও সেবা প্রাপ্তির সুযোগ বাড়ানো এবং বাল্যবিবাহকে উৎসাহিত করে এমন ক্ষতিকর সামাজিক রীতিনীতি পরিবর্তনে সরকার ও অন্যান্য অংশীজনের সঙ্গে যৌথভাবে কাজ করছে সংস্থাটি। আলোচনায় অংশ নেওয়া জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকেরা বাল্যবিবাহ নিয়ে তথ্য-প্রমাণভিত্তিক ও নৈতিক সাংবাদিকতা জোরদার করার পাশাপাশি এ হার কমিয়ে আনতে বৃহত্তর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সূত্র: ইউএনএফপিএ ও ইউনিসেফ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD