সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ কথা বলেন।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার এই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানটি। বৈঠকে এসকে গ্রুপের প্রতিনিধিদল মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর সামনে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরে।
প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে জানায়, দক্ষিণ কোরিয়ার উলসানের মতো মাতারবাড়ীও একটি বড় এনার্জি হাব হয়ে ওঠার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী তাদের উপস্থাপনা মনোযোগ দিয়ে শোনেন এবং বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের এই আগ্রহকে আন্তরিকভাবে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে।’ এ সময় প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি এবং এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সাক্ষাৎকালে এসকে গ্রুপের প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে এবং দেশের বিনিয়োগের সুযোগগুলো কাজে লাগাতে তারা আন্তরিক ও আগ্রহী বলে জানায়।
বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সং-সহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সূত্র: প্রধানমন্ত্রীর প্রেস উইং।