বর্ণাঢ্য আয়োজন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে জার্মানির ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত রোববার (২২ নভেম্বর) ফ্রাঙ্কফুর্টের ফ্রাঙ্কেনঅ্যালি (Frankenallee 111) মিলনায়তনে যুব মহাসমাবেশ, আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে জার্মানি শাখা যুবলীগ।
‘বঙ্গবন্ধুর আদর্শে, শেখ হাসিনার নেতৃত্বে যুব সমাজের অগ্রযাত্রায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মহাসমাবেশে জার্মানির বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জার্মান যুবনেতা দেলোয়ার জাহিদ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জার্মান যুবলীগের সাবেক সভাপতি ও সর্ব-ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খালেদ এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জার্মান যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ ও ড. খালেদ সৈকত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন এবং উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক আকন্দ তুহিন।

সরাসরি উপস্থিত থেকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সর্ব-ইউরোপিয়ান আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু, সহ-সভাপতি হাফিজুর রহমান আলম ও মাবু জাফর স্বপন, জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী বকুল ভূঁইয়া, ব্যারিস্টার তাপস কান্তি বল, রিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক মাস্টার, জার্মান আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মহী, মানিক মিয়া এবং নিউ মডেল কলেজের সাবেক ভিপি জাহিদুল ইসলাম পুলক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ জুনায়েদ ইসলাম এবং গীতা পাঠ করেন স্বর্ণা সরকার। স্বাগত বক্তব্য দেন জার্মান যুবনেতা মিজানুর রহমান মিজান। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জার্মান যুবলীগ নেতা মো. মনিবুর রাহামান ‘সম্রাট’ ও এহসান আহমেদ চৌধুরী শাহীন।

আলোচনা পর্বে জার্মান আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন সেন্টু ও দপ্তর সম্পাদক শেরজাহান আহমেদ রাজিব ছাড়াও বক্তব্য দেন জার্মান যুবলীগ নেতা অমর ফারুক, মোহাম্মদ কামাল, সাজ্জাত হোসেন, সোহাগ বেপারী, আনিস শেখ, মোরশেদ মোবাইদুল ইমন, জীতেশ পাউল এবং সভাপতি পদপ্রার্থী মশিউর রহমান। ছাত্রলীগ নেতাদের মধ্যে বক্তব্য দেন সাকিব আহমেদ, মুজাম্মিল চৌধুরী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী শ্রী অম্লান সরকার এবং সভাপতি পদপ্রার্থী জান্নাতুন নাঈম।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা পর্বের সমাপ্তি ঘটে। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির পর্দা নামে।