শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের লোগো—সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদনে মোদি সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করার অভিযোগ তোলা হয়েছে। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী সরকার মানবাধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতা রক্ষায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করে ফেলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত ‘“সো হোয়াট’স দিস ডেমোক্রেসি উই আর টকিং অ্যাবাউট?”: মোদি’স অথরিটেরিয়ান প্লেবুক ইন ইন্ডিয়া’ শীর্ষক ৯৫ পৃষ্ঠার এক প্রতিবেদনে সংস্থাটি এ তথ্য তুলে ধরে।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি দমন-পীড়ন, দুর্নীতি এবং ভোটার তালিকা সংশোধনের গভীর ত্রুটিপূর্ণ প্রক্রিয়ার প্রতিবাদে ভারতের নাগরিকেরা ক্রমেই রাজপথে নেমে আসছেন। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকার সংসদীয় রীতিনীতিকে অবমূল্যায়ন করছে, রাজনৈতিক বিরোধীদের দমন করছে এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। পাশাপাশি নির্বাচন কমিশন, কেন্দ্রীয় তথ্য কমিশন, দুর্নীতিবিরোধী ন্যায়পাল এবং মানবাধিকার কমিশনের মতো সাংবিধানিক ও বিধিবদ্ধ সংস্থাগুলোকে দুর্বল করার পাশাপাশি বিচার বিভাগেও হস্তক্ষেপ করছে সরকার। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪০ জনেরও বেশি আইনজীবী, সাংবাদিক, অধিকারকর্মী, গবেষক, শিক্ষাবিদ, বর্তমান ও সাবেক বিচারক এবং সাবেক সরকারি কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদন প্রকাশের পর এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসন বলেন, ‘গত এক দশকে মোদি সরকার ভারতের স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে ভেতর থেকে ফাঁপা করে দিয়েছে, যেগুলো নির্বাহী ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং নাগরিক স্বাধীনতা সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার আইনের শাসন ক্ষুণ্ন করেছে এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদকে উৎসাহিত করেছে; এর মাধ্যমে মানবাধিকারের সুরক্ষা সংকুচিত করা হয়েছে, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার খর্ব করা হয়েছে এবং ভারতের কর্তৃত্ববাদী পতনকে আরও গভীর করা হয়েছে।’

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে মোদি প্রশাসন প্রায়ই সংসদীয় তদারকি ব্যবস্থা উপেক্ষা করেছে। ২০২৩ সালের ডিসেম্বরে লোকসভা থেকে ১০০ জন এবং রাজ্যসভা থেকে ৪৬ জন বিরোধী সদস্য সাসপেন্ড থাকা অবস্থায় সরকার এমন একটি আইন পাস করে, যার মাধ্যমে নির্বাচন কমিশনারদের নিয়োগে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ পাকাপোক্ত করা হয় এবং তাঁদের ব্যাপক আইনি দায়মুক্তি দেওয়া হয়। এ ছাড়া ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় মৌলিক অধিকারের ওপর প্রভাব ফেলে এমন আইনগুলোকেও অর্থ বিলের (মানি বিল) আওতায় না পড়া সত্ত্বেও অর্থ বিল হিসেবে পাস করানো হয়েছে; যেমন ২০১৯ সালে অর্থ পাচার প্রতিরোধ আইন (পিএমএলএ) সংশোধন করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়।

নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, ঘৃণামূলক বক্তব্য দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদি ও বিজেপির জ্যেষ্ঠ নেতাদের জবাবদিহির আওতায় আনতে এবং ভোটার তালিকা ও ভোটযন্ত্রে হস্তক্ষেপের অভিযোগ তদন্তে কমিশন ব্যর্থ হয়েছে। ২০২৫ সালের জুন থেকে শুরু হওয়া ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে নির্বিচারে ১৩ কোটিরও বেশি নাম বাদ দেওয়া হয়েছে, যার জেরে ২০২৬ সালের অক্টোবরে ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

প্রতিদ্বন্দ্বী দলের নেতাদের দলত্যাগ করে বিজেপিতে যোগ দিতে বাধ্য করার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করা হয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইডি ১৯৩ জন রাজনীতিবিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, যা আগের এক দশকের ২৬টি মামলার তুলনায় ৬০০ শতাংশেরও বেশি। অভিযুক্তরা বিজেপিতে যোগ দিলে এসব তদন্ত স্থগিত বা প্রত্যাহার হয়ে যায় বলে বিরোধী দলগুলো বিজেপিকে ‘ওয়াশিং মেশিন’ বলে অভিহিত করে। এ ছাড়া ২০১৪ সাল থেকে বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) এবং সন্ত্রাসবিরোধী আইন ‘ইউএপিএ’ ব্যবহার করে মানবাধিকার সংস্থা, সাংবাদিক, শিক্ষার্থী ও সমালোচকদের লক্ষ্যবস্তু ও কারারুদ্ধ করা হচ্ছে।

মৌলিক স্বাধীনতা সমুন্নত রাখতে ভারতের আদালতগুলোও ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেছে এইচআরডব্লিউ। ২০২২ সালে সুপ্রিম কোর্ট পিএমএলএর অধীনে তদন্ত সংস্থাগুলোর গ্রেপ্তার ও তল্লাশির ক্ষমতা সম্প্রসারণ করে। ২০২৬ সালের এপ্রিলে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে ৯০ লাখ নাম (মোট ভোটারের ১২ শতাংশ) বাদ পড়ার পরও আদালত পরবর্তীতে নাম যুক্ত করার শর্তে ওই নির্বাচনে ভোট না দিতে পারার বিষয়টি গ্রহণযোগ্য বলে মত দেন এবং এর কিছুদিন পরই পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় আসে বিজেপি। অবশ্য বিক্ষোভের মুখে নভেম্বর নাগাদ নির্বাচন কমিশন কিছু নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করতে শুরু করে।

হিউম্যান রাইটস ওয়াচ ভারতের মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, উচ্চপর্যায়ের বৈঠক, জাতিসংঘ মানবাধিকার পরিষদ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও নিরাপত্তা চুক্তির আলোচনায় ভারতের মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অবনতির বিষয়ে উদ্বেগ জানানো উচিত। ইলেইন পিয়ারসন বলেন, ‘ভারতের গণতান্ত্রিক অবক্ষয় রোধ করার অর্থ হলো সরকারের সমালোচকদের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করা এবং সবার অধিকার রক্ষার ঢাল হিসেবে সেগুলোকে পুনর্গঠন করা। স্বাধীন প্রতিষ্ঠানগুলোর ওপর আক্রমণ বন্ধ করতে এবং নির্বাহী ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ ও ভারসাম্য ফিরিয়ে আনতে ভারতের মিত্রদের উচিত মোদি সরকারের ওপর চাপ সৃষ্টি করা।’

সূত্র: হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD