জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আজ বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। এটি ২০২৬-২৭ অর্থবছরের একনেকের সপ্তম সভা।
পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগ থেকে প্রকাশিত সভার নোটিশ অনুযায়ী, আজকের বৈঠকে অনুমোদনের জন্য নতুন ও সংশোধিত মোট ২১টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হবে। এর পাশাপাশি আগে অনুমোদিত ১৪টি চলমান প্রকল্পের অগ্রগতি ও সংশোধনী প্রস্তাব নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হবে।
সভায় কৃষি, পানিসম্পদ, পল্লী অবকাঠামো, সড়ক পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদসহ দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন খাতের প্রকল্প নিয়ে পর্যালোচনা করা হবে। নতুন ও সংশোধিত প্রকল্পের তালিকায় স্থানীয় সরকার বিভাগের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প।
পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় দেশের বিভিন্ন নদী ও জলাশয় খনন, পুনঃখনন, পুনরুদ্ধার এবং নদীভাঙন প্রতিরোধ সংক্রান্ত একাধিক প্রকল্প আজকের তালিকায় রয়েছে। বিশেষ করে মেট্রো ঢাকা প্রকল্পের গোঁদনগরবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্পও অনুমোদনের জন্য উঠছে। এ ছাড়া জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প, ঢাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকায় আবাসিক সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন এবং জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করার প্রকল্পগুলোও তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
অর্থ-সামাজিক অবকাঠামো খাতের প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, পটুয়াখালী কৃষি কলেজ স্থাপন, দেশের আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন এবং চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দাতব্য চিকিৎসালয় সংস্থা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্প।
অন্যদিকে, সভায় আলোচিতব্য চলমান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন কর্মসূচি। পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের শিশু-কিশোর শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ, খুলনা সড়ক জোনের আওতাধীন মহাসড়কে বিদ্যমান সেতুর স্থলে নতুন সেতু নির্মাণ এবং দুর্গম ও প্রত্যন্ত পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণের প্রকল্প নিয়েও আলোচনা হবে।
সূত্র: পরিকল্পনা বিভাগ (এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগ)।