জার্মান-বাংলা ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার।
বিকালে টঙ্গিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। হাসান উদ্দিন সরকার বলেন, নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী দুই লাখ ভোটের ব্যবধানে হারবেন। এটি আগে থেকেই আঁচ করতে পেরে নির্বাচন স্থগিতের ষড়যন্ত্র করা হয়েছে।
নির্ধারিত দিনে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন ব্যর্থ হলে আইনী লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, যে কোন মূল্যে নির্বাচন আদায় করে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনা হবে। হাসান সরকারের সংবাদ সম্মেলন চলাকালে সেখানে উপস্থিত নেতাকর্র্মীরা বিভিন্ন স্লোগান দেন।
সকাল থেকে বিভিন্ন স্থানে প্রচারণায় থাকায় নেতাকর্মীরাও নির্বাচন স্থগিতের ঘোষণা জেনে তাৎক্ষনিকভাবে বিক্ষোভ করেন। এদিকে নির্বাচন স্থগিতের পর আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া জানাননি।
উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট। ছয় মাসের জন্য এ স্থগিতাদেশ দেয়া হয়েছে।
রোববার (৬ মে) সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত শিমুলিয়া এলাকার এক ব্যক্তির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।