শামস রহমান: বহুল আলোচিত দি ফারমার্স ব্যাংক লিমিটেড গ্রাহকের আস্থা ফেরাতে অবশেষে নাম পরিবর্তন করে নতুন নামে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল। রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ-এর ৩৭ (২)(সি) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক মঙ্গলবার ২৯ জানুয়ারি এক প্রজ্ঞাপনে দি ফারমার্স ব্যাংক লিমিটেড-এর নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক লিমিটেড হিসেবে ঘোষণা দেয়।
এই প্রজ্ঞাপন সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। ফলে এখন থেকে ব্যাংকটি পদ্মা ব্যাংক লিমিটেড নামে তাদের কার্যক্রম পরিচালনা করবে।
বর্তমান ব্যাংক কর্তৃপক্ষের বিশ্বাস, নতুন নামে আবির্ভূত ‘পদ্মা ব্যাংক’ গ্রাহকের আস্থা ফিরে পাবে। সেই সঙ্গে ব্যাংক পরিচালনায় নিয়ম নীতি পালনে কঠোর অবস্থানে থাকার কথাও বলছেন তারা।
২০১৩ সালে চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে দি ফারমার্স ব্যাংক লিমিটেড। কিন্তু বছর না ঘুরতেই নানা সমস্যায় জড়িয়ে পড়ে ব্যাংকটি। ফলে আস্থাহীনতায় পড়ে গ্রাহকরা। গ্রাহকদের আস্থা ফেরাতেই অবশেষে নাম বদলানোর সিদ্ধান্ত নেয় ফারমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ।
ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, ‘এই ব্যাংকের অতীতের সব দুর্নাম ভুলে যাওয়ার জন্যই নাম পরিবর্তন করা হয়েছে
এদিকে ব্যাংকটি বাঁচাতে মূলধন সহায়তা দিচ্ছে সরকারি চার ব্যাংক ও একটি বিনিয়োগ সংস্থা। এ ছাড়া শুরু থেকেই ব্যাংকটিতে এসব প্রতিষ্ঠানের ৫৫০ কোটি টাকা ধার রয়েছে। মূলধন সহায়তা দিয়ে রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা, রূপালী ব্যাংক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ব্যাংকটির পর্ষদের পরিচালক হয়েছে।