নেপালে সাম্প্রতিক ভূমিধসের পর দেশটির দুর্যোগ মোকাবিলায় আবহাওয়া ও স্যাটেলাইটভিত্তিক সহায়তা বাড়িয়েছে চীন। দুর্যোগ পর্যবেক্ষণ ও জরুরি উদ্ধারকাজে সহায়তার জন্য চীন নেপালকে স্যাটেলাইটের তথ্য ও বিভিন্ন আবহাওয়াসেবা দিচ্ছে।
চীনের আবহাওয়া প্রশাসন (সিএমএ) জানিয়েছে, চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আবহাওয়া পূর্বাভাস ও সতর্কতাব্যবস্থা ‘মাচু’র মাধ্যমে নেপালকে বিভিন্ন আবহাওয়া তথ্য দেওয়া হচ্ছে। এর মধ্যে ফেংইউন-৩ ও ফেংইউন-৪ সিরিজের আবহাওয়া স্যাটেলাইট থেকে পাওয়া বিভিন্ন তথ্যও রয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন জানান, ভূমিধসের পর থেকে চীনের আবহাওয়া ও পানি সম্পদ-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেপালের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তারা নিয়মিত তথ্য বিনিময় এবং যৌথভাবে দুর্যোগ মোকাবিলায় কাজ করছে।
গত ২৬ আগস্ট চীন-নেপাল সীমান্তের জিরং-রাসুওয়া সীমান্ত এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। এরপর থেকেই চীনের জাতীয় স্যাটেলাইট আবহাওয়া কেন্দ্র ওই এলাকায় বৃষ্টিপাত ও আবহাওয়ার পরিবর্তন নিয়মিত পর্যবেক্ষণ করছে।
দুর্যোগের ক্ষয়ক্ষতি নিরূপণ ও উদ্ধারকাজে সহায়তার জন্য চীন উচ্চ রেজুল্যুশনের স্যাটেলাইট ছবিও ব্যবহার করছে। এসব তথ্যের মাধ্যমে পাহাড়ের ওপরের বরফ-পাথরের ধসপ্রবণ এলাকা এবং নদীর গতিপথ পর্যবেক্ষণ করা হচ্ছে।
চীনের আবহাওয়া প্রশাসন নেপালের জন্য বিশেষভাবে তৈরি আবহাওয়া সেবাগুলো ফেংইউন স্যাটেলাইটের সঙ্গে সরাসরি যুক্ত করেছে। এর ফলে নেপাল বড় এলাকায় বজ্রঝড়, বৃষ্টিপাত ও অন্যান্য বৈরী আবহাওয়া পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করতে পারছে।
সূত্র: নাহার – সাকিব, সিনহুয়া ।