শিরোনাম :
হাই-টেক খাতে ইনসেনটিভ দিয়ে দেশীয় উৎপাদন ৯০ শতাংশে উন্নীত ও রপ্তানিমুখী করতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ শুরু:প্রথম ফ্লাইটে ১১২ কর্মীকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ ডিসেম্বর আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন: প্রস্তুতি শেষ করতে গণপূর্ত ও স্থাপত্য অধিদপ্তরকে জরুরি নির্দেশ ইউএন-হ্যাবিট্যাট প্রতিনিধিদলের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর মতবিনিময়: টেকসই নগরায়ণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের

বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ শুরু:প্রথম ফ্লাইটে ১১২ কর্মীকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধনের পর প্রথম ফ্লাইটের কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানিয়েছেন।

অনুষ্ঠানে প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আজকে বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় একটি দিন। আজ ১১২ জন যাচ্ছেন। আমরা প্রায় ১০ হাজার মানুষকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হচ্ছি। অনেক দিন ধরে এই কার্যক্রম বন্ধ ছিল। মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার চালু করা সম্ভব হয়েছে। এ জন্য মালয়েশিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

বিদেশগামী কর্মীদের দক্ষতা ও ভাষাগত যোগ্যতার প্রয়োজনীয়তা তুলে ধরে সরকারপ্রধান বলেন, কর্মীদের আরও দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে তারা নিজেরা যেমন উপকৃত হবেন, তেমনি দেশেরও লাভ হবে। বিদেশে কাজ করতে গেলে ভাষা একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা সুস্থভাবে সেখানে পৌঁছে ভালোভাবে কাজ করবেন এবং সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুন মেনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। তিনি আরও বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের আচরণের ওপর দেশের ভাবমূর্তি নির্ভর করে; কর্মীরা সুনামের সঙ্গে কাজ করলে তাদের দেখে অন্য বাংলাদেশি কর্মীদের নিয়োগ দিতেও বিদেশি প্রতিষ্ঠানগুলো উৎসাহিত হবে। পরে রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান ও ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ আড়াই বছর পর মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার পর বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মীদের নির্বাচন করা হয়েছে। নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন এবং আবাসন, চিকিৎসা ও অভিবাসন সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান।

এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে এবং ইতিমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। প্রসঙ্গত, চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া গিয়ে ২২ জুন পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে শ্রমবাজার উন্মুক্ত করা ও অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে একমত হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সূত্র: প্রধানমন্ত্রীর প্রেস উইং ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD