বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট পৌর শ্রমিক দলের সভাপতিসহ বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের সরুই কবর স্থান রোডস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে প্রতিবাদ সমাবেশ শেষে বের হলে এদেরকে আটক করে মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন, বাসাবাটি এলাকার আব্দুর রব ভুইয়ার ছেলে বাগেরহাট পৌর শ্রমিক দলের সভাপতি আবুল কাসেম সেলিম ভুইয়া (৪৭), একই এলাকার আব্দুল হাতেম সরদারের ছেলে বিএনপি নেতা মোঃ সরদার জসিম উদ্দিন (৩০), সদর উপজেলার চাপাতলা গ্রামের আজহার হাওলাদারের ছেলে সাবেক ইউপি সদস্য যুব দল নেতা ফরিদ হাওলাদার @ ফরিদ মেম্বার (৪৮), মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামের আমজাদ হাওলাদেরের চেলে ছাত্রদল নেতা মোঃ সোহাগ হাওলাদার, একই উপজেলার বেতকাশী গ্রামের আবুল বাশারের চেলে আতিকুর রহমান (২৩), সারুলিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মনি (২২), দক্ষিণ সুতালরি গ্রামের ইসলাম হাওলাদারের ছেলে ছাত্রদলকর্মী মোঃ মহিউদ্দিন হাওলাদার এবং বাকপুরা গ্রামের দিদার শেখের ছেলে বাপ্পি শেখ (২৭)।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ৮জনকে আটক করা হয়েছে।আটকদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
জেলা বিএনপির সভাপতি এমএ সালাম বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলন সংগ্রামকে দাবিয়ে রাখতে নেতা কর্মীদের গ্রেপ্তার করে আতঙ্ক সৃষ্টি করছে পুলিশ। অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান তিনি।