কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তারা যে দেশে পালিয়ে গেছে, সেটিই তাদের প্রভু এবং সেই প্রভুদের খুশি করতেই দেশের মানুষের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা পুনরায় মানুষের অধিকার কেড়ে নিতে চায়, কিন্তু বাংলাদেশের জনগণ আর তাদের গুম-খুনের রাজনীতি করার সুযোগ দেবে না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে সরকারপ্রধান এসব কথা বলেন।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, খুনি ও সন্ত্রাসীদের পরিষ্কার জবাব দিতে হবে—‘এনাফ ইজ এনাফ’ (যথেষ্ট হয়েছে, আর না)। বাংলাদেশের মানুষ আর কখনোই গুম-খুনের সেই অন্ধকার রাজনীতিতে ফিরে যেতে চায় না।
চব্বিশের গণ-অভ্যুত্থানের মতো দেশের সব দল-মতের মানুষকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তনে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে একতাবদ্ধ থাকতে হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে, হত্যার রাজনীতি এবং তাবেদারি অপশক্তির বিরুদ্ধে সম্মিলিতভাবে ‘এনাফ ইজ এনাফ’ বলে জবাব দিতে হবে।
বর্তমান সরকার যখন সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছে, ঠিক তখনই দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যে সন্ত্রাসী মহল আজ ষড়যন্ত্রে লিপ্ত, তারা দীর্ঘ ১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে দেশ শাসন করেছে এবং মানুষের কথা বলার স্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। দেশের মানুষ আর কখনো নিশিরাতের ভোট কিংবা ডামি নির্বাচন চায় না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নের বিষয়ে বড় সুখবর দিয়ে প্রধানমন্ত্রী জানান, আগামী কয়েক মাসের মধ্যেই খুলনা থেকে পুরো রংপুর বিভাগে গ্যাস সংযোগ দেবে সরকার, যাতে এই অঞ্চলে নতুন কলকারখানা গড়ে ওঠে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়।
সূত্র: দৈনিক ইত্তেফাক ও প্রধানমন্ত্রীর প্রেস উইং।