এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই প্রবৃদ্ধির জন্য উন্মুক্ততা অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে; এটি অপরিহার্য পূর্বশর্ত। ২০১৪ সালে বেইজিংয়ে আয়োজিত এপেক সিইও সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এ কথা বলেছিলেন।
বিশ্ব গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে একপাক্ষিকতা ও সংরক্ষণবাদ গতি লাভ করছে; বিশ্ব অর্থনীতি ক্রমশ খণ্ডিত হচ্ছে; বাণিজ্য ও বিনিয়োগের বাধা বাড়ছে; এবং বিশ্বের উন্মুক্ততা সূচক ক্রমশ হ্রাস পাচ্ছে।
সি চিন পিং বলেন, উন্মুক্ততাই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার প্রাণরেখা। তিনি ‘এশিয়া-প্যাসিফিক অলৌকিক ঘটনা’ অব্যাহত রাখতে ‘উন্মুক্ততার’ গুরুত্বের ওপর জোর দেন।
২০১৭ সালের নভেম্বরে ভিয়েতনামের দা নাংয়ে আয়োজিত এপেক শীর্ষসম্মেলনে সি চিন পিং, ২০১৮ সাল থেকে ‘চীন আন্তর্জাতিক আমদানি মেলা’ আয়োজনের ঘোষণা দেন। তিনি বিশ্বাস করেন যে, এটি সকল পক্ষকে চীনের উন্নয়নের সুফল আরও ভালোভাবে ভাগ করে নিতে সাহায্য করছে।
নয় বছর ধরে চীনের আন্তর্জাতিক আমদানি মেলা প্রতিবছর নির্ধারিত সময়ে আয়োজিত হয়ে আসছে। চলতি বছরের নবম চীনের আন্তর্জাতিক আমদানি মেলায় ১৬২টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণ করে; অংশগ্রহণকারী কোম্পানির সংখ্যা ও প্রদর্শনীর পরিধি নতুন উচ্চতায় পৌঁছায়।
সি চিন পিং বারবার বৃহত্তর পরিসরে, ব্যাপকতর ক্ষেত্রে এবং গভীরতর পর্যায়ে বহির্বিশ্বের কাছে উন্মুক্ত হওয়ার জন্য, চীনের নতুন পদক্ষেপগুলোর রূপরেখা তুলে ধরেছেন। হাইনান অবাধ বাণিজ্য বন্দর সমগ্র দ্বীপজুড়ে শুল্ক ছাড়ের ব্যবস্থা নিয়েছে; উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগের ওপর থেকে সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে; দেশব্যাপী মুক্ত বাণিজ্য অঞ্চলের সংখ্যা বেড়ে ২৩-এ দাঁড়িয়েছে এবং ৩৩টি দেশ ও অঞ্চলের সঙ্গে ২৬টি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে; বিভিন্ন উন্মুক্তকরণের ব্যবস্থা কার্যকর হয়েছে; চীন আরও ইতিবাচক ও উন্মুক্ত ধারণা দিয়ে, বিশ্বের সঙ্গে চীনা সুযোগ শেয়ার করে যাচ্ছে।
২০১৪ সালে এপেক বেইজিং সম্মেলনে সি চিন পিং বলেন, সংযোগ হলো একটি পথ, যে পথেই আমরা চলি, তা সড়ক, রেল, আকাশ বা ইন্টারনেট—যে পথেই হোক না কেন, আমাদের সহযোগিতা তাকে অনুসরণ করে। এবারের সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষ ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের ওপর গুরুত্ব দেয়।
চলতি বছরের নভেম্বর মাসের শুরুর দিকে, একটি চীনা কোম্পানির উদ্যোগে, মালয়েশিয়ার ইস্ট কোস্ট রেল লিঙ্ক (ECRL) প্রকল্পের প্রথম পর্যায় সম্পন্ন ও হস্তান্তর করা হয়েছে। রেলপথটি মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক সংযোগকে ত্বরান্বিত করবে। ‘চীন-মালয়েশিয়া রেলওয়ে প্রতিভা প্রশিক্ষণ কর্মসূচি’ মালয়েশীয় তরুণ-তরুণীদের চীনে পড়াশোনা ও মতবিনিময়ের সুযোগ দেয়।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল হলো বৈশ্বিক প্রবৃদ্ধির চালিকাশক্তি। বিশ্বের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ নিয়ে গঠিত এপেক-এর ২১টি সদস্যদেশ বৈশ্বিক জিডিপির ৬০ শতাংশেরও বেশি এবং বিশ্বের মোট বাণিজ্যের প্রায় অর্ধেকে অবদান রাখে। সম্প্রতি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এই বছর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৪.৪ থেকে বাড়িয়ে ৪.৮ শতাংশ করেছে।
সি চিন পিং বলেন, আঞ্চলিক অর্থনৈতিক একীকরণকে একটি নতুন স্তরে উন্নীত করতে হবে এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অবাধ বাণিজ্য অঞ্চলের প্রক্রিয়া শুরু করতে হবে। একই সাথে, উন্মুক্ত আঞ্চলিকতাবাদের ধারণাকে মেনে চলতে হবে, একটি নতুন উন্মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা ও আঞ্চলিক সহযোগিতা কাঠামো নির্মাণকে উৎসাহিত করতে হবে, এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে বিশ্বের জন্য উন্মুক্ত রাখা নিশ্চিত করতে হবে।
এক দশকেরও বেশি সময় ধরে, চীন উন্মুক্ত উন্নয়নকে এগিয়ে নিতে তার প্রচেষ্টা অবিচলিতভাবে চালিয়ে যাচ্ছে—আঞ্চলিক অংশীদারদের সাথে কাজ করে আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিকে পূর্ণ ও কার্যকরভাবে বাস্তবায়ন করছে, বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য অঞ্চলকে উন্মুক্ত সহযোগিতার সুফল ক্রমাগত উন্মোচনে চালিত করছে; সমন্বিত ও প্রগতিশীল ট্রান্স-প্যাসিফিক অংশীদারিত্ব চুক্তি এবং ডিজিটাল অর্থনীতি অংশীদারিত্ব চুক্তির উচ্চ-মানের বাণিজ্য ও অর্থনৈতিক নিয়মাবলীর সাথে সক্রিয়ভাবে সামঞ্জস্য বিধান করছে, সকল পক্ষের সাথে যৌথভাবে উন্মুক্ত উন্নয়নের জন্য একটি নতুন প্রেক্ষাপট তৈরি করতে কাজ করছে, এবং বিশ্ব বাণিজ্য সংস্থাকে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবে নেতৃত্ব দিচ্ছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা।
সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ