রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা ১১ নম্বর সেক্টরে অবস্থিত মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে।
বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। মুহূর্তের মধ্যে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ শুনে তারা প্রথমে ভেবেছিলেন বিস্ফোরণ ঘটেছে। পরে বাইরে এসে দেখেন একটি বিমান আগুন ধরে বিধ্বস্ত হয়ে পড়ে আছে।
আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী, বিমানটি ছিল এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান। এটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজ চত্বরে আছড়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। বিকেলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা লিমা খানম বলেন, “দুপুর ১টা ১৮ মিনিটে আমরা সংবাদ পাই। সঙ্গে সঙ্গে ফোর্স পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।”
প্রাথমিকভাবে এই দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে।
উল্লেখ্য, প্রশিক্ষণের সময় দুর্ঘটনার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি থাকে। তবে জনবহুল এলাকার এত কাছাকাছি এমন দুর্ঘটনা নতুন করে নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলছে।