শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

দেশের খাদ্য নিরাপত্তা বজায় রেখে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে এগ্রিভোল্টাইক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, কৃষিজমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে একই জমিতে কৃষিকাজ ও সৌরবিদ্যুৎ উৎপাদনের সমন্বিত ব্যবস্থা ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে। তবে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে কৃষকের অধিকার, পরিবেশ সংরক্ষণ এবং ন্যায্য সুবিধা নিশ্চিত করা অপরিহার্য।

রাজধানীর ওয়েস্টিন ঢাকায় মঙ্গলবার অনুষ্ঠিত ‘ন্যাশনাল এগ্রিভোল্টাইকস ওয়ার্কশপ: এক্সপ্লোরিং লোকাল অ্যাকশন মডেল ফর ইনক্লুসিভ গ্রোথ ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ এখন বন্যা, ঘূর্ণিঝড়, খরা, লবণাক্ততার বিস্তার, তাপপ্রবাহ এবং অনিয়মিত বৃষ্টিপাতের মতো নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এসব কারণে কৃষি ও গ্রামীণ অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা পূরণ করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি জানান, এনডিসি ৩.০ অনুযায়ী ২০৩৫ সালের মধ্যে দেশের মোট জ্বালানির ২৫ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু সীমিত ভূমির দেশে বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের সময় কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

আবদুল আউয়াল মিন্টু বলেন, এগ্রিভোল্টাইক প্রযুক্তির মাধ্যমে একই জমিতে কৃষি উৎপাদন অব্যাহত রেখেই সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। এ ব্যবস্থা ফসল উৎপাদনের পাশাপাশি পানির দক্ষ ব্যবহার, বাষ্পীভবন হ্রাস এবং কৃষকের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করতে পারে। তাই পরিকল্পিতভাবে এ প্রযুক্তির ব্যবহার দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি নীতি-২০২৫-এ এগ্রিভোল্টাইককে সম্ভাবনাময় প্রযুক্তি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে প্রতিটি প্রকল্পে এমন নকশা গ্রহণ করতে হবে, যাতে সৌর প্যানেলের উচ্চতা, অবস্থান ও ব্যবধান কৃষিকাজের জন্য উপযোগী থাকে এবং উৎপাদনশীলতা ব্যাহত না হয়।

পরিবেশমন্ত্রী আরও বলেন, এগ্রিভোল্টাইক প্রকল্পে কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তারা যেন জমির নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলেন কিংবা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন। বরং কৃষকদের আয় বৃদ্ধি ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে প্রকল্পগুলোকে অন্তর্ভুক্তিমূলক করতে হবে।

তিনি জানান, এগ্রিভোল্টাইক থেকে উৎপাদিত বিদ্যুৎ সৌরসেচ, হিমাগার, কৃষিপণ্য সংরক্ষণ, ফসল শুকানো ও খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা সম্ভব। পাশাপাশি এ ধরনের বিকেন্দ্রীভূত বিদ্যুৎ ব্যবস্থা প্রত্যন্ত অঞ্চলের বিদ্যুৎ নিরাপত্তা জোরদার করতেও সহায়ক হবে।

ড. ফাহমিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় পরিবেশমন্ত্রী বলেন, এগ্রিভোল্টাইক খাতের বিকাশে কার্যকর অর্থায়ন ও ব্যবসায়িক মডেল প্রয়োজন। প্যারিস চুক্তির অনুচ্ছেদ-৬ এবং জয়েন্ট ক্রেডিটিং মেকানিজমের আওতায় কার্বন অর্থায়নের সুযোগ কাজে লাগানো যেতে পারে। তবে পরিবেশগত স্বচ্ছতা, অতিরিক্ততা নিশ্চিত করা এবং দ্বৈত গণনা পরিহারের মতো আন্তর্জাতিক মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে।

ইনস্টিটিউট ফর গ্লোবাল এনভায়রনমেন্টাল স্ট্র্যাটেজিস, এইচএসবিসি বাংলাদেশ, পরিবেশ অধিদপ্তর, টেরা জাপান এবং ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় সরকারি কর্মকর্তা, জাপান দূতাবাস, জাইকা, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, গবেষক, আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সূত্র: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD