দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলের নিকটবর্তী এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এ পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, এটি বর্তমানে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং একই এলাকায় প্রবল হতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ২০৪০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১৯৮০ কিলোমিটার, মোংলা থেকে ১৯৪০ কিলোমিটার এবং পায়রা থেকে ১৯৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সমুদ্র খুবই উত্তাল এবং অবস্থার আরও জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেতের পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে। একই সঙ্গে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে যাত্রা করতে নিষেধ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর মৎস্যজীবী ও নৌপরিবহন সংশ্লিষ্টদের প্রতি সতর্ক থাকতে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।