ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকায় একটি ব্যস্ত নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত ৫০ জনকে গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ভোরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
গোয়া পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহতদের অধিকাংশই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে ৪ জন পর্যটক ও ১৪ জন ক্লাবকর্মী বলে শনাক্ত করা হয়েছে। বাকিদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। শনিবার গভীর রাতে ক্লাবটিতে আচমকা আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোকবার্তায় মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত লিখেছেন,
“গোয়ার জন্য আজ অত্যন্ত শোকের দিন। ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে কয়েকজন পর্যটকও রয়েছেন।
আগুনের কারণ ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ’
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ওই ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে পুলিশের ধারণা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মারা যাওয়া ব্যক্তিদের বড় অংশই ক্লাবটির কর্মচারী ছিলেন।এ ঘটনায় গোটা গোয়া রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত এখনও চলছে।