এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: শুরু হয়েছে নির্বাচনী ডামাডোল। শুরু হচ্ছে চুলচেড়া বিশ্লেষণ। হাট বাজারে চায়ের দোকানে চলছে নির্বাচনের আলাপ। এরই মধ্যে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামীলীগ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনীত হয়েছেন সিরাজগঞ্জের দুই চিকিৎসক। সিরাজগঞ্জের ছয়টি আসনের মধ্যে দুটি আসনে দেশের দুইজন খ্যাতিমান চিকিৎসক ডা. হাবিবে মিল্লাত মুন্না ও ডা. আব্দুল আজিজকে মনোনয়ন দেয়া হয়েছে।
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের বর্তমান এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্নাকে আবারো নৌকার টিকিট দিয়ে দ্বিতীয়বারের মতো নৌকার মাঝি করে নিতে চায় আওয়ামী লীগ। অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আত্মীয়। আলোচিত ওয়ান-ইলেভেনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালক ডা. আব্দুল আজিজকে মনোনয়ন দেয়া হয়েছে। সংসদ সদস্য হিসেবে এই প্রথম নির্বাচন তার। এ আসনটি বিএনপির ঘাঁটি বলে পরিচিত। এই আসন থেকে বিজয় লাভ করা আওয়ামীলীগের পক্ষে দুরূহ হলেও ডা. আব্দুল আজিজ এই আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবেন বলে আশা করছেন।
ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের ভোটাররা নৌকা মার্কাকে ভোট দিয়ে বিপুল ভোটে দ্বিতীয়বারের মত জয়ী করবে বলে আমি আশাবাদী।
ডা. আব্দুল আজিজ বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি আশাবাদী দলীয় নেতা-কর্মীদের সহযোগিতায় সাধারণ ভোটারদের বিপুল ভোটে আমি নির্বাচিত হয়ে জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিয়ে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এর মর্যাদা উজ্জ্বল করব ইনশাআল্লাহ।