জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করছে ঢাকাস্থ জার্মান দূতাবাস। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে শিক্ষার্থী ভিসার আবেদন গ্রহণে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ (Auslandsportal)। এর ফলে ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য শিক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করছে দূতাবাস।
রোববার (১৫ নভেম্বর) ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে দূতাবাস উল্লেখ করেছে, জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ ক্রমাগত বাড়ছে এবং জার্মানি এই আগ্রহকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে। দুই দেশের মধ্যে শিক্ষার্থীদের যাতায়াত বাড়লে পারস্পরিক সাংস্কৃতিক আদান-প্রদানের নতুন সুযোগ তৈরি হবে বলেও মনে করে দূতাবাস।
নতুন এই ডিজিটাল ব্যবস্থায় শিক্ষার্থীরা দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে ভিসার আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় সব কাগজপত্র আপলোড বা জমা দিতে পারবেন। পাশাপাশি ভিএফএসের (VFS) মাধ্যমে আবেদন-সংক্রান্ত নথিপত্রের প্রাথমিক যাচাইয়ের সুযোগও থাকছে। পরবর্তীতে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের দিন আবেদনকারীদের শুধু বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি জমা এবং মূল কাগজপত্র যাচাইয়ের কাজ সম্পন্ন করা হবে। এ ছাড়া ডিজিটাল পোর্টালে লগইন করে যেকোনো সময় আবেদনের সর্বশেষ অবস্থা (স্ট্যাটাস) জানা যাবে এবং প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে একই সময়ে আবেদন জমা দেওয়ার সুযোগও পাবেন শিক্ষার্থীরা।
তবে নতুন এই ব্যবস্থা চালুর অংশ হিসেবে আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার অপেক্ষমাণ তালিকা (ওয়েটিং লিস্ট) পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। ফলে আগে থেকে পুরোনো অপেক্ষমাণ তালিকায় নাম নিবন্ধন করে রাখা শিক্ষার্থীদেরও নতুন করে আবেদন করতে হবে। দূতাবাস স্পষ্ট জানিয়েছে, পুরোনো তালিকায় থাকা আবেদনকারীদের আগের নিবন্ধন নতুন ব্যবস্থায় কোনোভাবেই বহাল থাকবে না; তাই পুরোনো ও নতুন সব আবেদনকারীকেই কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নতুন অ্যাকাউন্ট খুলে আবেদন জমা দিতে হবে।
নতুন এই পদ্ধতিতে আবেদন যাচাই-বাছাইয়ের কাজ আরও দ্রুত ও কার্যকর হবে বলে জানিয়েছে দূতাবাস। এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষার সময় কমার পাশাপাশি ভিসা প্রক্রিয়াকরণে দূতাবাসের সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি পাবে। তবে আবেদনভেদে ভিসা প্রক্রিয়াকরণের সময়সীমা ভিন্ন হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে জার্মানির কনস্যুলার সার্ভিসেস পোর্টালের ওয়েবসাইটে (https://digital.diplo.de/) অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিয়ে আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও প্রয়োজনীয় নথিপত্রের তালিকা ওই পোর্টাল এবং ঢাকাস্থ জার্মান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
সূত্র: ঢাকাস্থ জার্মান দূতাবাসের বিজ্ঞপ্তি।