সামাজিক দায়বদ্ধতা, প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশ এবং ইতিবাচক উদ্যোগকে বিশ্বদরবারে তুলে ধরার অঙ্গীকার নিয়ে সফলতার সঙ্গে চার বছর পূর্ণ করল ‘জার্মান বাংলা চ্যানেল অ্যাসোসিয়েশন’। ৯ বছরের দীর্ঘ সাংবাদিকতা ও সংবাদসেবার অভিজ্ঞতার ধারাবাহিকতায় গড়ে ওঠা এই সংগঠনটি আজ ইউরোপের প্রবাসী বাঙালিদের মাঝে এক নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে জায়গা করে নিয়েছে।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, মানুষের প্রতি ভালোবাসা ও সমাজের কল্যাণে কিছু করার তাগিদ থেকেই ৯ বছর আগে যাত্রা শুরু হয়েছিল অনলাইন সংবাদমাধ্যম জার্মান বাংলা নিউজ টোয়েন্টিফোর ডট কম। পরবর্তীতে সেই অভিজ্ঞতা ও সামাজিক তাগিদকে সাংগঠনিক রূপ দিতে চার বছর আগে প্রতিষ্ঠা করা হয় ‘জার্মান বাংলা চ্যানেল অ্যাসোসিয়েশন’।
প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি প্রবাসী ও দেশের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড তুলে ধরা, নারী উদ্যোক্তাদের উৎসাহ ও তাঁদের সাফল্যের গল্প প্রচার, সমাজের গুণীজনদের সম্মাননা প্রদান এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতির সেতুবন্ধন তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছে। কেবল একটি প্রাতিষ্ঠানিক নাম নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো এবং কমিউনিটির ইতিবাচক উদ্যোগগুলোকে সমর্থন জানানোই সংগঠনটির মূল লক্ষ্য।
বর্তমানে সংগঠনটির সাত সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির দিকনির্দেশনায় এর যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। কার্যনির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন – উপদেষ্টা: মুনিব রেজওয়ান,কার্যনির্বাহী কমিটির সদস্য ফাতেমা রহমান,দেলোয়ার জাহিদ ও কামরুল আহসান সেলিম, এছাড়াও সদস্য – নাসরিন আক্তার, আসিফ ইকবাল ও মোরশেদ মোবাইদুল ।
বিগত চার বছরের পথচলায় নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে সততা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনটি আজকের অবস্থানে পৌঁছেছে। এ প্রসঙ্গে সংশ্লিষ্টরা বলেন, “৯ বছরের সংবাদযাত্রা এবং ৪ বছরের প্রাতিষ্ঠানিক পথচলা কেবল সময়ের হিসাব নয়; এটি অসংখ্য মানুষের ভালোবাসা, সহযোগিতা ও আস্থার এক সম্মিলিত ফসল।”
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে সংগঠনের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ী, পাঠক, দর্শক এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে অনুপ্রেরণা প্রদানকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। একই সাথে আগামী দিনগুলোতেও সত্য, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা অক্ষুণ্ন রেখে মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।