প্রবাসের মাটিতে ক্রিকেটকে ঘিরে এক অন্যরকম উৎসবের সাক্ষী হলো জার্মানির ফ্রাঙ্কফুর্ট। প্রতিদ্বন্দ্বিতা, উচ্ছ্বাস, বন্ধুত্ব আর বাংলাদেশি খাবারের স্বাদ—সবকিছুর সমন্বয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত FCF – Frankfurt Cricket Fest 2026, Season One পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। আর মাঠের লড়াই শেষে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের নাম লিখিয়েছে Frankfurter Fire Boys।
Frankfurt Berg Jungs-এর আয়োজনে ২২ আগস্ট ফ্রাঙ্কফুর্টের Nordpark Bonames মাঠে অনুষ্ঠিত এই শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ছিল প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং এটি হয়ে উঠেছিল ‘খেলা ও মেলা একসঙ্গে’-এর এক অনন্য আয়োজন। দিনভর ক্রিকেটের উত্তেজনার পাশাপাশি খাবার, আড্ডা, পরিচিতজনদের সঙ্গে মিলন এবং নানা আয়োজন পুরো পরিবেশকে দিয়েছিল উৎসবের আবহ।

FCF-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় আগের দিন, ২১ আগস্ট শুক্রবার। ফ্রাঙ্কফুর্টের Saalbau Gallus-এ আয়োজিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে কেক কাটা ও অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠে। অনুষ্ঠানে ফ্রাঙ্কফুর্টের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন গণ্যমান্য ও প্রবীণ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সালিম ভাই, মনোরঞ্জন সাংস্কৃতিক গোষ্ঠীর কালাম ভাই, কায়েম ভাই, জামান ভাই, পুলক ভাই, মনোরঞ্জন ভাইসহ আরও অনেকে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলগুলোর টিম ওনাররা নিজ নিজ দলের জার্সি উন্মোচন করেন। একই সঙ্গে আয়োজকদের পক্ষ থেকে সব দলের টিম ওনারদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় উদ্বোধনী পর্ব।
পরদিন সকাল থেকেই Nordpark Bonames-এর মাঠে শুরু হয় মূল ক্রিকেট লড়াই। প্রথম আসরে অংশ নেয় মোট আটটি দল। গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলে এবং সেখান থেকে সেরা চার দল সেমিফাইনালে জায়গা করে নেয়। শেষ চারে উঠে আসে Frankfurter Fire Boys, Mahanoor Warriors, Sundarban Royals ও Offenbach Strikes। দুই সেমিফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ফাইনালের টিকিট নিশ্চিত করে Frankfurter Fire Boys ও Sundarban Royals।
শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে Frankfurter Fire Boys প্রতিপক্ষের সামনে ৯৪ রানের লক্ষ্য ছুড়ে দেয়। জয়ের জন্য মাঠে নামা Sundarban Royals শুরু থেকেই চাপে পড়ে যায়। শেষ পর্যন্ত লক্ষ্য থেকে ২১ রান দূরে থাকতেই তাদের সব উইকেটের পতন ঘটে। এর মধ্য দিয়ে FCF-এর ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নের মুকুট ওঠে Frankfurter Fire Boys-এর মাথায়।

টিম ওনার Saiful Sagor, অধিনায়ক ও খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টায় প্রথম আসরেই শিরোপা জয়ের গৌরব অর্জন করে দলটি। অন্যদিকে Sundarban Royals রানার্সআপ হওয়ার সম্মান অর্জন করে। প্রথম আসরের শিরোপা জয় তাই Frankfurter Fire Boys-এর জন্য যেমন গৌরবের, তেমনি FCF-এর ইতিহাসেও এটি হয়ে থাকবে একটি স্মরণীয় অধ্যায়।
তবে টুর্নামেন্টের উত্তেজনা শুধু ফাইনালেই সীমাবদ্ধ ছিল না। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে Mahanoor Warriors ও Offenbach Strikes-এর লড়াই গড়ায় সুপার ওভার পর্যন্ত। শেষ মুহূর্তের সেই রোমাঞ্চকর লড়াইয়ে সুপার ওভারে জয় তুলে নিয়ে FCF 2026 Season One-এর তৃতীয় স্থান নিশ্চিত করে Offenbach Strikes।
খেলা শেষে অনুষ্ঠিত হয় জমকালো Prize Giving Ceremony। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়দের জন্য ছিল Man of the Match পুরস্কার। পাশাপাশি পুরো আসরের পারফরম্যান্সের ভিত্তিতে প্রদান করা হয় Man of the Final, Man of the Tournament, Best Bowler of the Tournament, Best Batsman of the Tournament এবং Best Fielder of the Tournament-সহ বিভিন্ন সম্মাননা। তবে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত তৈরি হয় Champion Trophy ও Runner-up Trophy তুলে দেওয়ার সময়। বিজয়ী দলের খেলোয়াড়দের উচ্ছ্বাস, দর্শকদের করতালি এবং মাঠজুড়ে আনন্দের আবহ পুরো আয়োজনকে করে তোলে আরও স্মরণীয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পন্সর, কমিউনিটির প্রবীণ সদস্য ও বিশেষ অতিথিরা উপস্থিত থেকে বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। তাঁদের মধ্যে ছিলেন Popy Kiosk-এর স্বত্বাধিকারী Saiful Islam Leon, Amirul Islam Khasru, Salim ভাইসহ কমিউনিটির বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।
FCF-এর বিশেষত্ব অবশ্য ক্রিকেটের গণ্ডিতে আটকে ছিল না। আয়োজকদের ‘খেলা ও মেলা একসঙ্গে’ ভাবনা পুরো মাঠেই যেন বাস্তব রূপ পায়। বাংলাদেশি খাবারের বিভিন্ন স্টলে ফুচকা, চটপটি, ঝালমুড়িসহ নানা মুখরোচক খাবারের আয়োজন ছিল। Popy Kiosk-এর খাবারের আয়োজনও দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়। পাশাপাশি Blissful Beauty by Nadia এবং Recostume Germany by Tanim-সহ বিভিন্ন স্টল মেলার পরিসরকে আরও বৈচিত্র্যময় করে তোলে।
খেলোয়াড়দের পাশাপাশি পরিবার, শিশু-কিশোর, তরুণ-তরুণী এবং কমিউনিটির বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে Nordpark Bonames-এর মাঠ যেন পরিণত হয়েছিল প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশে। ক্রিকেটের উত্তেজনার সঙ্গে খাবারের সুবাস, বন্ধুদের আড্ডা, হাসি-আনন্দ এবং পরিচিত মুখগুলোর মিলন পুরো দিনটিকে করে তোলে উৎসবমুখর।
প্রবাসজীবনে কর্মব্যস্ততার মাঝে এমন আয়োজন শুধু বিনোদনের সুযোগ তৈরি করে না, বরং কমিউনিটির মানুষদের পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতির বন্ধনও আরও দৃঢ় করে। FCF-এর প্রথম আসরে সেই বিষয়টিই যেন সবচেয়ে বেশি দৃশ্যমান হয়েছে। ক্রিকেট এখানে ছিল মিলনের উপলক্ষ; আর সেই উপলক্ষকে কেন্দ্র করে তৈরি হয়েছে একটি বৃহত্তর সামাজিক ও সাংস্কৃতিক পরিসর।

প্রথমবারের মতো আয়োজিত FCF – Frankfurt Cricket Fest 2026, Season One সফলভাবে শেষ হলেও এর রেশ রয়ে গেছে খেলোয়াড়, আয়োজক ও দর্শকদের মনে। একটি সফল টুর্নামেন্ট আয়োজনের পেছনে ছিল আয়োজকদের পরিকল্পনা, টিম ওনারদের সহযোগিতা, খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক মনোভাব, স্পন্সরদের সমর্থন, স্বেচ্ছাসেবকদের পরিশ্রম এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
আট দল, এক ট্রফি কিন্তু দিনের শেষে জয় যেন হয়েছে আরও বড় কিছুর। জয় হয়েছে ক্রিকেটের, বন্ধুত্বের, সম্প্রীতির এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ঐক্যের। FCF-এর প্রথম আসরের চ্যাম্পিয়ন হিসেবে তাই ইতিহাসে লেখা থাকবে Frankfurter Fire Boys-এর নাম। আর সফল এই আয়োজনের মধ্য দিয়ে ফ্রাঙ্কফুর্টের ক্রিকেটপ্রেমীদের মধ্যে এখন থেকেই তৈরি হয়েছে পরবর্তী আসর নিয়ে নতুন প্রত্যাশা।
FCF তাই কেবল একটি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট নয়; প্রবাসের মাটিতে এটি হয়ে উঠেছে খেলাধুলা, বন্ধুত্ব, আনন্দ, সংস্কৃতি ও বাংলাদেশি কমিউনিটির ঐক্যের এক প্রাণবন্ত উৎসব। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে জার্মান বাংলা চ্যানেলকে সম্মাননা প্রদান করা হয় ।