শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট হল ও মাইকেল উডফোর্ড আন্তর্জাতিক সংলাপে নগর-উন্নয়নের ভবিষ্যৎ রূপরেখা: হ্যনানে সফল সমাপ্তি বিশ্ব মেয়র সম্মেলন রোহিঙ্গা উপস্থিতি অর্থনীতি ও পরিবেশে বড় চাপ: কানাডার প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে প্রধানমন্ত্রী সাংস্কৃতিক কূটনীতিতে নজরুলের দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বান: মন্ত্রী নিতাই রায় চৌধুরী অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’: ইইউ কমিশনারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক সম্পাদকীয়:শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয় সিইসি পদত্যাগের দাবিতে অটল আন্দোলনকারীরা; পাশে থাকার বার্তা রাহুলের নিষেধাজ্ঞা শিথিল করে রাশিয়া থেকে ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের রিয়াদ বিমানবন্দরে অচলাবস্থা: বিমানের ঢাকা-রিয়াদ রুটের দুটি ফ্লাইট স্থগিত মানবসভ্যতা ও নারীর ক্ষমতায়ন, শিক্ষাই প্রধান চাবিকাঠি : পেং লি ইউয়ান

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’: ইইউ কমিশনারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ করে ইউরোপের বাজারে বৈধ উপায়ে শতভাগ দক্ষ জনশক্তি প্রেরণের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে নিবিড়ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ। সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইইউ-এর স্বরাষ্ট্র ও অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সাক্ষাৎকালে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে অবৈধ অভিবাসন ও মানবপাচার দমন, বৈধ পথে দক্ষ শ্রমিক রপ্তানি, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং রোহিঙ্গা সংকট নিরসনসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা কৌশলগত বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশ সরকার অবৈধ অভিবাসনের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে মানবপাচার রোধে এবং অভিবাসনপ্রত্যাশীদের সার্বিক সুরক্ষায় বাংলাদেশ ইইউর সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি স্পষ্ট করেন, সরকার অবৈধ অভিবাসন শূন্যের কোঠায় নামিয়ে এনে ইউরোপের শ্রমবাজারে বৈধ ও আন্তর্জাতিক মানের দক্ষ কর্মী পাঠানোর সুযোগ তৈরি করতে চায়।

বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভূয়সী প্রশংসা করে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেন, মানবপাচার প্রতিরোধ এবং অবৈধ অভিবাসনের পথ পুরোপুরি বন্ধ করা উভয় পক্ষেরই অগ্রাধিকার। ঝুঁকিপূর্ণ অভিবাসন হ্রাস পেলে বৈধ পন্থায় ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশি কর্মীদের প্রবেশাধিকার আরও সহজতর হবে।

বৈঠকে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ কর্মসূচির আওতায় বাংলাদেশি কর্মীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও সনদ প্রদানের গতি ত্বরান্বিত করার ওপর জোর দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতিমধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় সাড়ে সাতশত দক্ষ কর্মীর ইউরোপিয়ান সার্টিফিকেশন জটিলতা নিরসনে ইইউভুক্ত দেশগুলোর বিশেষজ্ঞদের বাংলাদেশে এসে সরাসরি প্রশিক্ষণ ও সনদ দেওয়ার আহ্বান জানানো হলে ইইউ প্রতিনিধিদল তাতে ইতিবাচক সাড়া দেয়।

সীমান্ত ও বিমানবন্দর ব্যবস্থাপনার আধুনিকায়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, দেশের বিমান, সমুদ্র ও স্থলবন্দরে ট্রাফিক মনিটরিং এবং অপরাধী শনাক্তকরণে চলতি বছরের শেষ নাগাদ ইন্টারপোল ডেটাবেজের সাথে সংযুক্ত ‘অ্যাডভান্সড প্যাসেঞ্জার ইনফরমেশন অ্যান্ড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম’ কার্যকর করা হবে। এ ছাড়া প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ইউরোপিয়ান বর্ডার অ্যান্ড কোস্ট গার্ড এজেন্সি (ফ্রনটেক্স/FRONTEX)-এর সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি প্রাতিষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধি ও সাম্প্রতিক আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মির ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে ইইউর সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি। জবাবে ইইউ প্রতিনিধিদল এ ইস্যুতে যৌথ কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার আশ্বাস দেয়।

বৈঠকে ইইউ প্রতিনিধিদলের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার, ডিরেক্টর হেনরিক নিলসেন, ক্যাবিনেট সদস্য গ্রিগোরিওস ডেলাভেকোরাস এবং ডেপুটি হেড অব মিশন বাইবা জারিনা উপস্থিত ছিলেন। বাংলাদেশ পক্ষে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনসংযোগ শাখা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD