৯ অক্টোবর ফ্রান্সের প্যারিসে ২০২৬ সালের ইউনেস্কো বালিকা ও নারী শিক্ষা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ভিডিও ভাষণ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী এবং বালিকা ও নারী শিক্ষার প্রসারে ইউনেস্কোর বিশেষ দূত পেং লি ইউয়ান।
ভাষণে পেং লি ইউয়ান মরক্কো ও পেরুর পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানগুলোকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, নারীদের শিক্ষার মান মানবসভ্যতার অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ পরিমাপক। সাম্প্রতিক বছরগুলোতে ইউনেস্কোর জোরালো উদ্যোগ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বজুড়ে নারী শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।
তিনি আরও বলেন, চীন বরাবরই নারীর শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছে। এ ক্ষেত্রে দেশটি ইউনেস্কো ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সক্রিয়ভাবে বাস্তবভিত্তিক সহযোগিতা চালিয়ে যাচ্ছে, যার সুফল পেয়েছেন বিভিন্ন দেশের নারীরা।
পেং লি ইউয়ান বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নে কাজ করেছে। এর ফলে শিক্ষাক্ষেত্রে লিঙ্গসমতা প্রতিষ্ঠা এবং নারীর সামগ্রিক উন্নয়ন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে চীন। একই সঙ্গে এ অভিজ্ঞতা বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর জন্য মূল্যবান শিক্ষা হয়ে উঠেছে।
তিনি বলেন, বালিকা ও নারী শিক্ষার উন্নয়ন এখনও দীর্ঘ ও কঠিন পথ। বালিকা ও নারীদের শিক্ষার প্রসারে ইউনেস্কোর বিশেষ দূত হিসেবে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নারীদের বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি ডিজিটাল ও বুদ্ধিমান প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকাশে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
সূত্র: রুবি-ফয়সল-মুক্তা,চায়না মিডিয়া গ্রুপ