জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার ছনকান্দায় রোববার (১২ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে এক অভিযান চালিয়ে ছয়টি প্যাথেডিন ইনজেকশনসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো: মাহফুজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সোমবার (১৩ আগস্ট) বিকালে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১২ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে জামালপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় মো: রফিকুল ইসলামে (৩৫) এর মুদি দোকানের সামনে থেকে শিমু বেগম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি ছনকান্দা গ্রামের মো: মফিজ উদ্দিনের মেয়ে। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৬টি নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। নেশাজাতীয় ইনজেকশনগুলোর আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।
র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান জানান, শিমু বেগম বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ নেশাজাতীয় ইনজেকশন নশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন নিজ দখলে রাখায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) টেবিল এর ২(ক) ধারার শাস্তি যোগ্য অপরাধ করেছে। তার বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।