চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৩০ বোতল ফেনসিডিলসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ আগস্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পোল্ট্রিফিডবাহী একটি ট্রাকে তল্লাশী চালিয়ে এই ফেন্সিডিলের চালান আটক করা হয়। এ সময় মাদক পাচারের সাথে জড়িত দুই ব্যবসায়ী জোবায়র হোসেন (৩০) ও ডালিম হোসেন (২২) কে গ্রেফতার করেছে পুলিশ।
জীবননগর থানার ইন্সপেক্টর তদন্ত আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে দর্শনা থেকে জীবননগরমুখি পোল্ট্রিফিডবাহী একটি ট্রাক আটক করা হয়। ট্রাকটি আটকের পর ট্রাকের ভিতরে তল্লাশী চালিয়ে উদ্ধার করা হয় ৫৩০ বোতল ফেনসিডিল। এ সময় ফেনসিডিল পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় দামুড়হুদা উপজেলার দর্শনা আনোয়ারপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে জোবায়র হোসেন ও একই এলাকার সৈয়দ আলীর ছেলে ডালিম হোসেনকে।
সন্ধ্যার পর জীবননগর থানার কনফারেন্স রুমে পুলিশ সুপার এক ব্রিফিং এ জানান, গ্রেফতারকৃত দুই জন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদেরকে জিজ্ঞাসাবাদে আরো বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীর নাম জানা গেছে। তাদেরকেও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (২) ধারায় গ্রেফতার দেখানো হয়েছে।