গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে গৌরীপুরের অসুস্থ আ.লীগ নেতা হোসেন আলীর নামে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত টাকার চেক হাতিয়ে নেয়া সেই প্রতারককে সোমবার (২ জুলাই) বিকেলে পুলিশ মুক্তাগাছা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আমিরুল ইসলাম (৩৩) মুক্তাগাছা উপজেলার তারাটিয়া ইউনিয়নের বারকাহনিয়া গ্রামের আইন উদ্দিনের ছেলে। আমিরুল পেশায় একজন রিক্সা চালক। প্রতারক যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম ও জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার অফিস সহকারি আব্দুল বারেক।
আব্দুল বারেক জানান গোপনে তল্লাসী চালিয়ে ওই প্রতারককে সনাক্তকরন ও অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় প্রশাসন। সোমবার তিনি ও তার পুত্র মুক্তাগাছা উপজেলার উল্লেখিত গ্রামে প্রতারককে খুঁজতে বের হলে তার সন্ধান পান। এসময় প্রতারক যুবকের অবস্থান সম্পর্কে মুক্তাগাছার ইউএনওকে অবগত করেন আব্দুল বারেক। অবশেষে অনেক কৌশল খাটিয়ে ওইদিন বিকেল ৫ টার দিকে মুক্তাগাছার ইউএনও সুবর্ণ সরকার পুলিশের সহযোগিতায় তাকে আটক করেন।
তিনি বলেন হাতিয়ে নেয়া চেক উদ্ধার করতে ও এ প্রতারনার সাথে জড়িতদের নাম জানার জন্য আমিরুলকে মুক্তাগাছা থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এসময় পুলিশের কাছে সে প্রতারনার মাধ্যমে চেক হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে। আমিরুল বলেছে মুক্তাগাছার স্থানীয় জামাল নামে এক আ.লীগ নেতা মাত্র পনেরশ টাকার বিনিময়ে এ প্রতারনার কাজটি করে।