জুলাই-আগস্ট অভ্যুত্থানে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক বহিস্কৃত মেজর জেনারেল জিয়াউল আহসানসহ ৮ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টা ২৬ মিনিটে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আজ তোলা হবে তাদের। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই ৮ জনকে দ্বিতীয় বারের মত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার করতে ট্রাইব্যুনালে তোলা হবে বলে জানা গেছে।
মামুন ও জিয়া ছাড়া বাকি ৬ জন হলেন- ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।
এ বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, সকাল সাড়ে ১০টার দিকে বিচারকরা এজলাসে ওঠবেন। এর আগেই হাজির করা হবে আসামিদের। গণহত্যার অভিযোগে বিভিন্ন থানার মামলায় এরই মধ্যে তারা গ্রেফতার রয়েছেন। বুধবার হাজির করে এই ট্রাইব্যুনালের পরোয়ানায় তাদের গ্রেফতার দেখানো হবে।
গত ২৭ অক্টোবর প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এসব আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছিলেন। সেদিন পুলিশের সাবেক ১৭ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের ২০ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়। এর মধ্যে যারা গ্রেফতার রয়েছেন তাদের আনা হবে ট্রাইব্যুনালে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে গত ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রসিকিউশন অফিসে ১২৫টির বেশি অভিযোগ জমা পড়ে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বরাবরও অভিযোগ জমা পড়ছে। গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্যদিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
একইদিন গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এ প্রথম মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হয়।