ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে। এ সময় ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরই ফেরির একপাশ কাত হয়ে যায়। এতে ফেরিটি ডুবে যায়।
মানিকগঞ্জের পাটুরিয়ায় শাহ আমানত নামের একটি রো রো ফেরি ডুবে গেছে। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান জার্মান-বাংলা২৪কে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ফেরিতে ১৭টি ট্রাক ছিল। তবে বিস্তারিত কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিসের পাশাপাশি বিআইডব্লিউটিসির লোকজনও উদ্ধারকাজে অংশ নিচ্ছেন বলে তিনি জানান।