আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার আদালতে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় টেকনাফ থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ ৭ আসামিকে ১০ দিন করে রিমান্ড চেয়েছে র্যাব।
সিনহা রাশেদের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস গতকাল বুধবার কক্সবাজার আদালতে মামলাটি করেন। আদালত ওই দিনই মামলাটি এজাহারভুক্ত করার নির্দেশ দেন। এবং মামলাটি র্যাবকে তদন্ত করতে নির্দেশ দেন। মামলায় মোট ৯ পুলিশ সদস্যকে আসামি করা হয়।
আজ র্যাব রিমান্ডে নেওয়ার আবেদন করার আগে সাত আসামি কক্সবাজার আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আত্মসমর্পণ করা আসামি পুলিশ পরিদর্শক লিয়াকত আলী চেকপোস্টে সাবেক সেনা কর্মকর্তাকে গুলি করেন। এতে সিনহা রাশেদের মৃত্যু হয়।
র্যাব-১৫ এর সিইও উইং কমান্ডার আজিম আহমেদ জার্মানবাংলা ২৪ কে বলেন, তারা ৭ আসামির প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে চেয়ে আবেদন করেছেন।
পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান (৩৬)। এ ঘটনার বিচার চেয়ে গতকাল বুধবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নিহত ব্যক্তির বড় বোন শারমিন। আদালতের বিচারক তামান্না ফারাহ মামলাটি গ্রহণ করেন। তিনি এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করে সাত দিনের মধ্যে আদালতকে অবহিত করতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দেন। পাশাপাশি মামলাটি তদন্ত করে আদালতকে জানানোর জন্য র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত , কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ তল্লাশিচৌকিতে গত ৩১ জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান (৩৬)।