সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভেজাল ঘি তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত । এসময় ওই কারখানায় ঘি তৈরিতে ব্যবহৃত ৩৬০ কেজি ডালডা, ৩৫০ কেজি পামওয়েল তেল, রং, কেমিক্যাল ও ৪২ মন ভেজাল ঘি জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা । রবিবার গভীর রাতে উপজেলার সুজন ঘোষের বাড়ীর কারখানায় এ অভিযান চালানো হয়।
উল্লাপাড়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক শহিদুল ইসলাম রন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।
শহিদুল ইসলাম রন্টু জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উল্লাপাড়া উপজেলা নির্বাহী আফিসার মোঃ আরিফুজ্জামন ও সহকারী কমিশনার (ভুমি) নাহিদ হাসান খান এর নেতৃত্বে পৌর শহরের ঘোষগাতি মহল্লার বাসিন্দা ভেজাল ঘি ব্যবসায়ী সুজন ঘোষের বাড়ির কারখানায় অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করা হয় এবং সুজন ঘোষকে ৫ হাজার টাকা অর্থদন্ড ও ৯ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত । এসময় জব্দকৃত ৪২ মন ঘি ও ব্যবহৃত কাঁচামাল জনসমক্ষে ধ্বংস করা হয় ।
এ সময় উপজেলা আওয়ামীলীগের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর স্যানেটারি ইন্সপেক্টর আলী আহমদ রতন, উল্লাপাড়া মডেল থানা পুলিশের বিশেষ টিম উপস্থিত ছিলেন ।