ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তালাক প্রাপ্ত স্বামীর ছুরিকাঘাতে এক গার্মেন্টস কর্মী খুন হয়েছে। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার মাইজবাগ ইউনিয়নের উত্তর দত্তগ্রামে।
জানা যায়, নিহত নারী আবুসাইদের কন্যা লাকি মনি(২২) ৪ বছর পূর্বে প্রেম করে বিয়ে হয় চাচাতো ভাই এমদাদুল হকের সাথে। নিহত নারীর বাবা আবুসাইদ জানায়, তার কন্যার বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে লাকির স্বামী তাকে নির্যাতন করতো। ইতো মধ্যে তার এক কন্যা সন্তান জন্ম নেয়। স্বামীর নির্যাতন সইতে না পেরে গত ৪ মাস পূর্বে লাকি আদালতের মাধ্যমে স্বামীকে ডিভোর্স দেয়। এর পর সে গার্মেন্টস চাকরী নিয়ে বাবার সাতে ঢাকায় থাকতো।
মঙ্গলবার সকাল ৮টার দিকে লাকি বাবাকে নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ি উত্তর দত্তগ্রামে আসে। এ সময় তার দুই বছরের কন্যা মাইশা মনিকে দেখতে তার চাচার ঘরে যান। এ খবর শুনে তালাক প্রাপ্ত স্বামী এমদাদ বাড়িতে এসে লাকির বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরিবারের লোকজন আহত লাকিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেয়ার পথে লাকি মারা যায়। এ হত্যাকান্ডের খবর পেয়ে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।