ভয়ঙ্কর করোনাভাইরাস (কোভিড-১৯) এর আতংঙ্কে যখন পুরো বিশ্ব ও দেশবাসী। ভাইরাস প্রতিরোধে সারাদেশ যখন সরকার ঘোষিত নির্দেশনা মেনে নিজ নিজ স্থানে অবস্থান করছে ঠিক সেই সময়েও গাইবান্ধা জেলায় বহাল তবিয়তে চলছে জেলার সব ইটভাটা। যদিও জেলার ১৬৭ ইটভাটার মধ্যে অবৈধ ইটভাটা ১৫০টিই। বিশেষভাবে ম্যানেজ করে চলছে সব বৈধ ও অবৈধ ইটভাটার কার্যক্রম। এসব ইটভাটায় প্রায় কয়েক হাজার শ্রমিক কর্মরত। ইটভাটা মালিকদের এমন কার্যক্রমে শ্রমিকরা রয়েছে ব্যাপক করোনা ঝুঁকিতে। এ যেন দেখার কেউ নাই। আর বলারও কেউ নাই। ব্যবস্থা গ্রহণকারীরা রয়েছেন জাদুঘরে। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মোট ইটভাটা রয়েছে ১৬৭টি। এর মধ্য ১৭টির পরিবেশ অধিদফতরের ছাড়পত্র রয়েছে। লাইসেন্স পাওয়া ইটভাটাগুলোর বেশীর ভাগই স্থাপন করা হয়েছে কৃষি জমিতে ও জনবসতি এলাকায়। আর পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের কার্যালয়ের লাইসেন্স বিহীন চলছে ১৫০টি ইটভাটা। সেগুলো হলো- সুন্দরগঞ্জ উপজেলায় ২৬টি, সদর উপজেলায় ২০টি, সাদুল্যাপুরে ১৩, গোবিন্দগঞ্জে ৩৪, পলাশবাড়ীতে ৪৬ ও সাঘাটা উপজেলায় ১১টি ইটভাটা। অবৈধ ইটভাটাগুলো ভ্যাট, আয়কর পরিশোধসহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে ছাড়পত্র ও লাইসেন্স চেয়ে আবেদন করে ইট পোড়াচ্ছেন। এদিকে এসব ইট তৈরিতেও মানা হচ্ছে না গুণগত মান। এ বিষয়ে জেলার সচেতন মানুষ প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্টদের প্রয়োজনী হস্তক্ষেপ কামনা করেন। তারা মনে করেন, ‘দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমন রোধে সরকারের গৃহিত পদক্ষেপ বৃথা হয়ে যাবে যদি এস ইটভাটার কার্যক্রম এভাবে চলতে থাকে।’