ভেঙেছে দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারি হউক জয় এই স্লোগান নিয়ে সিরাজগঞ্জে ৩৯তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন শুরু হয়েছে। এ উপলক্ষে রবিবার সমাপনী দিনে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহররের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে এসে শেষ হয়। পরে সেখানে শহীদ মিনার বেদিতে পুস্পস্থবক অর্পন করা হয় এবং এক মিনিট নিরবতা পালন করা হয়। জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের উনচত্বারিংশ জাতীয় সম্মেলন উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় রবীন্দ্র পরিষদের নির্বাহী সভাপতি ড.আতিউর রহমান, সাধারন সম্পাদক বুলবুল ইসলাম, সিরাজগঞ্জ জেলার শাখার সভাপতি ড.জান্নাত আরা তালুকদার হেনরী, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক টি এম সোহেল এবং সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক দিলীপ গৌর শোভাযাত্রায় অংশ গ্রহন করেন। পরে শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে ৬৪ জেলার ৮৪ টি শাখার প্রতিনিধিদের নিয়ে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
রবিবার সম্মেলনের তৃতীয় দিনে (শেষ দিন) সারাদেশের হাজারো রবীন্দ্র প্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠ। ৬ মার্চ থেকে শুরু হওয়া এই সম্মেলন শেষ হবে আজ। বিকালে সমাপনি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভাঙ্গবে রবীন্দ্র প্রেমীদের এই মিলন মেলা।
সন্ধ্যার পর থেকে সিরাজগঞ্জ, রাজশাহী ও ঢাকার খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্র ও নজরুল সংগীত এবং নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপর দিকে শাহজাদপুর রবীন্দ্র্র কাছারি বাড়ী মিলনায়তনে প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনভর বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় সারাদেশের হাজারো রবীন্দ্র প্রেমীর মিলনমেলায় পরিণত হয়।
জাতীয় রবীন্দ্র পরিষদের নির্বাহী সভাপতি সভাপতি ড. আতিউর রহমান বলেন, রবীন্দ্রনাথ চিত্রপটের চেয়ে বরং চিত্তপটের গুরুত্ব দিয়েছিলেন। বিশ্বকবির কবিতা, গান, ছোটগল্প আমাদের মানসলোক আলোকিত করেছে। এ আলো টিকে থাকবে ততদিন, যতদিন বাংলা ও বাংলা সাহিত্য টিকে থাকবে। রবিবার ভাঙ্গবে রবীন্দ্র প্রেমীদের এই মিলন মেলা।
সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব ড. জান্নাত আরা তালুকদার হেনরী বলেন, দেশের রবীন্দ্র পরিষদের ৮৪টি শাখার প্রায় সহস্রাধিক শিল্পী ও রবীন্দ্র ভক্তরা সম্মেলনে এসেছেন। তিন দিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্য রয়েছে প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা, গুণীজন সংবর্ধনা, সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান ইত্যাদি। প্রতিদিন সন্ধ্যায় রবীন্দ্র সঙ্গীতসহ পঞ্চ কবির গান পরিবেশন করা হচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার ০৬ মার্চ সন্ধ্যায় সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে সম্মেলন উদ্বোধন করেন ভাষা সৈনিক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক কামাল লোহানী।