রাস্তা সংস্কার করতে গিয়ে মাসের পর মাস ধুলাবালি উড়ছে, আর তাতে বিপর্যস্ত জনজীবন । রাস্তায় পানি ছিটানোসহ কোন ধরনের নিয়ম না মানায় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করল। তারা কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের উপর ক্ষোভ প্রকাশ করতে থাকে। ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজারে সোমবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ চলে । র্যাব-পুলিশ ঘটনাস্থলে আসে। পরে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয় । তিনি স্থানীয়দের আশ্বস্ত করেন আর ধুলাবালি উড়তে বা অনিয়ম করতে দেয়া হবে না। ঝিনাইদহ পুলিশের শৈলকুপা সার্কেলের এএসপি আরিফুর রহমান জানান, সড়ক সংস্তারে ধুলাবালি উড়তে থাকায় স্থানীয়রা সড়ক অবরোধ করে। পরে জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে এলাকাবাসি তা প্রত্যাহার করেছে। শৈলকুপার ভাটই বাজার ও গাড়াগঞ্জ বাজারে প্রায় ৩ কিলোমিটার সড়ক সংস্কারে ধুলাবালি ওড়া ও সংস্কারে অনিয়ম প্রসঙ্গে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার জানান মহাসড়কের আশপাশে ডোবা, জলাশয় না থাকায় পানি দিতে সমস্যা হচ্ছে। তিনি বলেন এখন থেকে নিয়মিত পানি দেয়ার চেষ্টা করা হবে।