লাউ বাংলাদেশের একটি অন্যতম প্রধান সব্জি। আবহমানকাল ধরেই এদেশের মানুষের কাছে এটি এতই উপাদেয় যে, লাউ নিয়ে গান বা প্রবচনও প্রচলিত আছে। যেমন ‘স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী’, ‘যেই লাউ সেই কদু’ ইত্যাদি। লাউ সব্জি হিসেবে যেমন সুস্বাদু তেমনি এর পাতা, ডগা, কচি কান্ড শাক এমন কি ফলের খোসা পর্যন্ত ভাজি বা ভর্তা হিসেবে খাওয়া হয়। পুষ্টি গুণাগুণ ছাড়াও লাউ সহজপাচ্য, শরীর শীতলকারক, কোষ্টকাঠিণ্য প্রশমন, এমনকি রোগীর পথ্য হিসেবেও ব্যবহৃত হয়। লাউ প্রধানত শীতকালীন সব্জি হলেও কৃষিবিজ্ঞানীদের কল্যাণে আলোক অসংবেদনশীল উন্নতজাতের উদ্ভাবনের ফলে লাউ এখন সারা বছরই বাজারে পাওয়া যায়। তবে বহুকাল ধরে এ উপমহাদেশে লাউ একটি সমাদৃত সব্জি হওয়া সত্তে¡¡ও এর কৌলিতাত্তি¡ক বৈচিত্র্যতা অনেক কম হওয়ায় এর মৌলিক বা স্বতন্ত্র বৈশিষ্ট্যসম্পন্ন জাতের সংখ্যা খুব কম। তাছাড়াও এটি একটি লতানো ও অধিক অঙ্গজবৃদ্ধিপ্রাপ্ত প্রকৃতির গাছ বিধায় আধুনিক বাণিজ্যিক চাষ, ছাদকৃষি বা ভার্টিক্যাল এগ্রিকালচারের জন্য কিছুটা বেমানানসইও বটে। এই বিষয়গুলো মাথায় রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা অধ্যাপক ও পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম আমিনুল ইসলাম সম্প্রতি বিইউ হাইব্রিড লাউ-১ ও বিইউ লাউ-১ নামের লাউয়ের দুটি নতুন জাত উদ্ভাবন করেছেন যা লাউ ফসলের আধুনিক ও বাণিজ্যিক চাষাবাদের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে বলে আশা করা যায়। উচ্চফলনশীল এই জাত দুটির মধ্যে একটি হাইব্রিড এবং অন্যটি উন্মুক্ত পরাগায়িত (ওপি)। দুটিরই ফলনের তুলনায় অঙ্গজবৃদ্ধি খুব কম যা আধুনিক বা স্মার্ট কৃষির জন্য একেবারে লাগসই। তাছাড়াও পুং ও স্ত্রী ফুলের অনুপাত কম হওয়ায় গাছে খাদ্যের যে যোগান দেয়া হয় তা অত্যন্ত মিতব্যায়িতার সাথেই সরাসরি ফলোৎপাদনে ব্যবহার হয় অর্থাৎ অন্যান্য প্রচলিত জাতের তুলনায় অপচয় কম হয় এবং ফল কম ঝরে পড়ে। হাইব্রিড জাতটি আলোক অসংবেদনশীল হওয়ায় সারাবছরই চাষযোগ্য, খেতে খুব সুস্বাদু এবং গ্রীষ্মকালীন স্বাদেও খুব একটা হেরফের হয়না। দেশীয় লাউয়ের ন্যায় জনপ্রিয় হালকা সবুজ বর্নের লাউ প্রতি গিঁটে গিঁটে ধরে ফলে পূর্ণ ফলন্ত গাছ দেখলে চোখ জুড়িয়ে যায়। ফলের গড় ওজন ৩-৪ কেজি। বিইউ লাউ-১ জাতটির চৌম্বক বৈশিষ্ট্য হলো এর ফলগুলো স্মার্ট সাইজের (গড় ওজন ১.০-১.২ কেজি) যা বর্তমান আধুনিক সমাজের ক্ষুদে পরিবারগুলোর চাহিদার সাথে মানানসই। সচরাচর লাউয়ের ফল বেশ বড় হওয়ায় এক বেলার জন্য কেটে রান্না করে বাকিটা পরের বেলার জন্য রেখে দিতে হয় যার স্বাদ ও গুণাগুণ অনেক সময় নষ্ট হয়ে যায়। যা এই জাতের লাউয়ের ক্ষেত্রে এড়ানো সম্ভব। তাছাড়াও অঙ্গজ আকৃতির দিক থেকেও গাছটি ক্ষুদে হওয়ায় এবং গাছের একেবারে গোড়া থেকে ডগা অবদি ফল ধরায় একে ছাদকৃষি বা ভার্টিক্যাল এগ্রিকালচারেও অত্যন্ত সাফল্যজনকভাবে অন্তর্ভূক্ত করা যায়।
বিইউ হাইব্রিড লাউ-১

বিইউ লাউ-১
