এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ওয়াজ শুনতে যাওয়ার পথে এক জেএসসি পরীক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার পিতা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। সোমবার ধর্ষিতার পিতা চাঁদ আলী বাদী হয়ে কামারখন্দ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
ধর্ষিতা মেয়েটি জানান, ১ মাস আগে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের চর বড়ধুল গ্রামের বেলাল প্রামাণিকের কলেজ পড়ুয়া ছেলে রাজিব প্রামাণিককে সাথে নিয়ে তাদের বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনের রঙের কাজ করতে আসে। সেই সুবাদে রাজিবের সাথে আমার পরিচয় হয়। সেই থেকে রাজিব সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং প্রায়ই ফোন করে বিয়ে করার প্রস্তাব দেয়।
মেয়েটি আরো জানান, রবিবার রাতে সে তার এক ভাবির সাথে উল্লাপাড়ায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিল শুনতে যায়। রাত ১১টার দিকে রাজিব সেখানে হাজির হয়ে তাকে জানায় যে তার মা তাকে দেখতে চেয়েছে। সে তার মোটরসাইকেলের পেছনে উঠলে তাকে কামারখন্দের বড়ধুল হাটখোলার পাশের একটি স্কুলের সামনের মুদি দোকানে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে বড়কুড়া ব্রিজের কাছে ফেলে রেখে রাজিব পালিয়ে যায়।
এ বিষয়ে ধর্ষিতার বাবা চাঁদ আলী জানান, মেয়েকে অনেক খুজাখুজির পর আজ সকালে ওই এলাকা থেকে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য ভর্তি করা হয়। তিনি আরও বলেন, রাজিবের বিরুদ্ধে কামারখন্দ থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে রাজিবের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দাখিল করেছে। মেডিক্যাল পরীক্ষার পর ধর্ষণের প্রমাণ পাওয়া গেলে এটি ধর্ষণ মামলা হিসেবে রজু হবে বলে তিনি জানান।