আশরাফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় চলতি আমন মৌসুমে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ১৫১২ টন। ধান ক্রয়ের উদ্বোধনী দিনেই পলাশবাড়ী উপজেলা খাদ্যগুদামে ঘটে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। সেদিনেই সর্বসাধারণের দাবি ছিল এতো নাটকিয়তা বাদ দিয়ে স্ব স্ব ইউনিয়নে ধান ক্রয়কেন্দ্র খোলার।
কিন্তু সেই দাবিকে গুরুত্ব না দিয়ে একটি বিশেষ চক্রের নির্দেশে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে আবারো সেই কৃষকদের মাঝে দেখানো লটারি করা হয়। সদর ইউনিয়নের কৃষকদের নিয়ে এই লটারি উপজেলা টাউন হল রুমে ২৭ নভেম্বর, বুধবার বিকাল ৩ টা হতে শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। এই লটারি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান, কৃষি অফিসার, খাদ্য কর্মকর্তা, মিলমালিক সমিতির সভাপতি ও সম্পাদক ছাড়াও মিল ও চাতাল মালিকগণসহ উপজেলার সাংবাদিকদের একটি অংশ উপস্থিত ছিলেন। যদিও লাটারির বিষয়ে মাইকিং করা হলেও লটারি চলাকালিন সদর ইউনিয়নের কৃষকদের এ সময় দেখা যায়নি।
লটারি নিয়ন্ত্রণ চক্রের চাহিদা মোতাবেক এ লটারি কার্যক্রম পরিচালনার শেষ সময়ে সাবেক সদর ইউনিয়নের ও পৌর এলাকার কয়েক সাধারণ কৃষক তাদের নিজ নিজ তালিকা দেখতে চায়। এসময় লটারি কাজের তদারকি দায়িত্বে থাকা কৃষি কর্মকর্তারা ও খাদ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা কৃষকদের তালিকা দেখাতে ব্যর্থ হন। এতে সাধারণ কৃষকদের তোপের মুখে কিছু সময় লটারির কার্যক্রম বন্ধ রাখা হয় । পরে লটারি পরিচালনাকারি কর্মকর্তারা লটারি কার্যক্রম সমাপ্ত করেন ।
এসময় জানা যায় প্রথম দিনে লটারির বিজয়ীদের তালিকা সংক্রান্ত কাগজ ছিনিয়ে নেয় কে বা কারা।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সময় আমি ছিলাম না, ঘটনাটি জেনে পরর্বতীতে এ বিষয়ে জানানো হবে।